রানিগঞ্জ: পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জ থানার নিমচা ফাঁড়ির তিরাটতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়।
সোমবার দুপুরে হওয়া এই ঘটনার পরে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন। মৃত সাইকেল আরোহীর পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতি পূরণ ও একজনকে চাকরি দেওয়ার দাবিতে এলাকার বাসিন্দদের সঙ্গে রাস্তায় ধর্ণায় বসেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
এরইমধ্যে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা তিরাটে দামোদর নদ থেকে বালি তোলার কাজে থাকা একাধিক ডাম্পারে আগুন লাগিয়ে দেন। এই নদ – এর ঘাটটি ইসিএলের। পাশে অন্য একটি ঘাট আছে। সেই ঘাটেই বেআইনি ভাবে দামোদর নদী থেকে বালি তোলা হয় বলে অভিযোগ।
নিমচা ফাঁড়ির পাশাপাশি রানিগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় আসে। নামানো হয় কেন্দ্রীয় বাহিনীও। বেশ কয়েক ঘন্টার চেষ্টার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মৃত সাইকেল আরোহীর নাম অবিনাশ মূর্মু (২৩)। তিনি আসানসোলের ডামরার আড়াডাঙ্গার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। বাড়িতে তার স্ত্রী ছাড়াও তিন বছরের একটা সন্তান রয়েছে।
পুলিশ জানায়, পেশায় ইঁট ভাটার কর্মী অবিনাশ মূর্মু কাজ শেষ করে সাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় রানিগঞ্জ থানার নিমচা ফাঁড়ির তিরাট গ্রাম পঞ্চায়েতের তিরাট শিবানন্দ আশ্রমের সামনে বালি বোঝাই একটি ডাম্পার তাকে ধাক্কা মারে। তাতে অবিনাশ গুরুতর জখম হন। তার সাইকেলটি একেবারে দুমড়েমুচড়ে যায়। এরপর অবিনাশকে উদ্ধার করে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
এরপরই গোটা এলাকা উত্তপ্ত হয়ে উঠে। এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বালি বোঝাই ডাম্পারের চলাচল বেড়ে যাওয়ায় এমন ঘন ঘন দুর্ঘটনা ঘটছে। তারা বলেন, বারবার অভিযোগ করা সত্ত্বেও পুলিশ প্রশাসনের তরফে এই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এরইমধ্যে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা দামোদর নদ – এর ঘাটে গিয়ে বালি তোলার কাজে থাকা একাধিক ডাম্পারে আগুন লাগিয়ে দেন। মুহুর্তের মধ্যে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়।
ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে পৌঁছান। তিনি পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, বালি বোঝাই ট্রাক ও ডাম্পারের বেপরোয়া হয়ে চলাচলের জন্য প্রাণহানির ঘটনা এটাই প্রথম নয়। তিনি মনে করিয়ে দেন যে, বার্নপুর ও ডামরায় এর আগেও একই ধরনের ঘটনায় প্রাণহানি হয়ছে।
তিনি অভিযোগ করেন যে, প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস নেতারা বিষয়টি উপেক্ষা করছেন। কারণ, তারা বালি মাফিয়াদের কাছ থেকে মাসোহারা পান। এলাকার বাসিন্দাদের সঙ্গে ধর্ণায় বসে অগ্নিমিত্র পাল বলেন, মৃতের পরিবার ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং তাদের উপর নির্ভরশীল একজনের জন্য একটি সরকারি চাকরি না পাওয়া পর্যন্ত বিজেপির এই আন্দোলন চলবে।
এই প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি ( সেন্ট্রাল) ধ্রুব দাস বলেন, তিরাটের রাস্তায় বালি বোঝাই একটি ডাম্পার সাইকেলে ধাক্কা মারে। তাতে সাইকেল আরোহী আহত হন। তাকে উদ্ধার করে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে জানান। এই ঘটনার পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখান। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।










