স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর নিয়োগ পরীক্ষায় ২৪টি প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ ওঠার পর সেই সংক্রান্ত মামলায় সোমবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাই কোর্ট। প্রশ্নগুলি আদৌ ভুল কি না, তা খতিয়ে দেখার জন্য আরজি জানাতে গিয়ে প্রার্থীদের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছে আদালত। পাশাপাশি, প্রশ্ন ভুল প্রমাণিত হওয়ার পরে প্রার্থীদের কত টাকা ফেরত দেওয়া হয়েছে, সেই প্রশ্নও তুলেছে আদালত।
সোমবার বিচারপতি অমৃতা সিংহ জানতে চান, ভুল প্রশ্নের অভিযোগ নিয়ে এসএসসি প্রার্থীদের কাছ থেকে মোট কত টাকা আদায় করেছে। শর্ত অনুযায়ী, যদি প্রশ্নে ভুল প্রমাণিত হয়ে থাকে, তা হলে প্রার্থীদের কত টাকা ফেরত দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত কতগুলি প্রশ্ন সত্যিই ভুল প্রমাণিত হয়েছে, তা-ও জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া, এই সংক্রান্ত মোট কতগুলি অভিযোগ জমা পড়েছে, সেই তথ্যও আদালতে পেশ করতে হবে। হাই কোর্ট নির্দেশ দিয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে এসএসসি-কে এই সব প্রশ্নের বিস্তারিত জবাব দিতে হবে।
আদালতের পর্যবেক্ষণ, আইনে যদি এমন কোনও বিধান না থাকে, তা হলে কোন ভিত্তিতে প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তা স্পষ্ট করতে হবে এসএসসি-কে।
এসএসসির দ্বিতীয় এসএলএসটি পরীক্ষায় ২৪টি প্রশ্ন ভুল রয়েছে বলে অভিযোগ তুলে চন্দন ধর-সহ একাংশ পরীক্ষার্থী হাই কোর্টে মামলা দায়ের করেন। তাঁদের দাবি, প্রশ্নে আপত্তি জানাতে গিয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে প্রতি প্রশ্নপিছু ১০০ টাকা করে নেওয়া হয়েছে। অথচ এ ধরনের অর্থ নেওয়ার কোনও আইনগত ভিত্তি নেই।
মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম আদালতে সওয়াল করেন, উত্তরপত্র দেখার ক্ষেত্রেও পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয় না। সেখানে প্রশ্নের ভুল নিয়ে আপত্তি জানাতে কেন অর্থ দিতে হবে, তা আইনে কোথাও উল্লেখ নেই। তাঁর অভিযোগ, পরীক্ষার্থীদের অধিকার খর্ব করতেই এসএসসি এই পদক্ষেপ করেছে।
এই প্রেক্ষিতে হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, আইনে উল্লেখ না থাকলে কীসের ভিত্তিতে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, সেই বিষয়ে এসএসসি-কে নির্দিষ্ট জবাব দিতে হবে।










