অন্ডালে ডিভিসির তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজে পুনরনিয়োগের দাবিতে বিক্ষোভ দেখালেন কর্মচ্যুত কর্মীরা ।
সোমবার সকাল থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল গেটের বাইরে বিক্ষোভ অবস্থানে বসেন তারা । বিক্ষোভকারী তাপস রায় বলেন, ১১ মাস আগে ৯৯ জন ঠিকা কর্মীকে তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ কাজ থেকে বসিয়ে দিয়েছে । কাজ হারিয়ে আর্থিক সংকটের মুখে পড়েছেন কর্মী ও তাদের পরিবার। পুনরনিয়োগের দাবিতে বিভিন্ন সময় কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে । কিন্তু তাতে দাবি পূরণ না হওয়ায় তারা বিক্ষোভে বসেছে বলে জানান তিনি।
এই প্রসঙ্গে সংস্থা সূত্রে জানা গেছে, একটি কো-অপারেটিভের মাধ্যমে ওই কর্মীদের কাজে নিয়োগ করা হয়েছিল । বেতন সংক্রান্ত কিছু সমস্যা থাকায় কর্মীরা কো-অপারেটিভের পরিবর্তে সরাসরি সংস্থার কর্মী হিসাবে কাজ করার আবেদন জানায় । এরপর টেন্ডারের মাধ্যমে ওই কর্মীদের কাজে নেওয়া হয়েছিল । কিন্তু সেই টেন্ডারের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কাজ হারায় ওই কর্মীরা ।
আইএনটিটিইউসি অনুমোদিত তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক সংগঠনেট নেতা সুধীন পান্ডে বলেন, কর্মীদের দাবি ন্যায্য । তাদের পুনর্নিয়োগের দাবিকে তারা সমর্থন করছেন বলে জানান সুধীনবাবু ।
কর্মীদের অবস্থান বিক্ষোভের কারণে এদিন তাপবিদ্যুৎ গেটের বাইরে আটকে থাকেন সংস্থার আধিকারিকেরা । তবে কর্মীদের দাবি ও এদিনের বিক্ষোভ প্রসঙ্গে সংস্থার আধিকারিকদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।









