বাংলাদেশের সাধারণ নির্বাচনে বড় জয়ের পথে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রাথমিক ফলাফলে অন্তত তেমনই ইঙ্গিত মিলছে। এই আবহেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, “বাংলাদেশের সকল ভাইবোন ও জনগণকে জানাই আমার শুভেচ্ছা। আগাম রমজান মোবারক।” এর পরেই তিনি তারেক রহমান, তাঁর দল এবং অন্যান্য রাজনৈতিক দলকে সম্ভাব্য জয়ের জন্য অভিনন্দন জানান। মমতার বার্তা, “বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকেও। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।” পাশাপাশি ভবিষ্যতেও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
প্রসঙ্গত, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক যোগসূত্র দীর্ঘদিনের। শেখ হাসিনা সরকারের সময়েও দুই বাংলার সম্পর্ক সুদৃঢ় ছিল। পরবর্তীতে রাজনৈতিক পালাবদল ও অন্তর্বর্তী সরকারের আবির্ভাব হলেও প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্কের গুরুত্ব অটুট রয়েছে। রাজনৈতিক ও সামাজিক—দুই ক্ষেত্রেই দুই বাংলার মানুষের আবেগ ও যোগাযোগ এখনও সমানভাবে প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে।










