রাজকোটের পিচে ভারতীয় বোলারদের বিরুদ্ধে জ্বলে উঠলেন আইপিএলে উপেক্ষিত ড্যারিল মিচেল। দুরন্ত শতরান করে ভারতের হাত থেকে জয় ছিনিয়ে নিলেন তিনি। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড। আগামী রবিবারের ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য। এদিন সেঞ্চুরি করেও জয়ের আনন্দ পাননি কে এল রাহুল।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ব্যাটিং সহায়ক হিসেবে পরিচিত রাজকোটের উইকেটে এদিন দেখা যায় ভিন্ন আচরণ। বল কখনও উঁচু-নিচু হচ্ছিল, আবার ব্যাটে আসতেও দেরি হচ্ছিল। শুরুতে শুভমান গিল ও রোহিত শর্মা প্রথম উইকেটে ৭০ রানের জুটি গড়লেও ২৪ রানে আউট হয়ে যান রোহিত।
চার উইকেটে ১১৮ রানে ভারত যখন চাপে, তখন দায়িত্ব নেন কে এল রাহুল। ধৈর্য্য ধরে ব্যাট করে সেঞ্চুরি হাঁকান তিনি এবং দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। তবে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও নীতীশ রেড্ডি কেউই বড় রান করতে পারেননি। একমাত্র গিল অর্ধশতরান করেন। ভারতের ইনিংস শেষ হয় ২৮৪ রানে।
২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শিশিরের সুবিধা পেলেও শুরুতে সমস্যায় পড়ে নিউজিল্যান্ড। দ্রুত আউট হন ডেভন কনওয়ে ও হেনরি নিকোলস। এরপর ড্যারিল মিচেলের সঙ্গে ১৬২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন উইল ইয়ং। ইয়ং ৮৭ রান করে আউট হলেও মিচেল আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেন। ৯টি চার ও ২টি ছক্কায় সাজানো তাঁর শতরান ভারতীয় বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
ভারতের হয়ে হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ ও কুলদীপ যাদব একটি করে উইকেট নিলেও ম্যাচের মোড় ঘোরাতে পারেননি কেউই। শেষ পর্যন্ত ড্যারিল মিচেলের দুরন্ত শতরানে জয় তুলে নেয় নিউজিল্যান্ড এবং সিরিজে সমতা ফেরায়।










