ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) লেনদেনে বড় পরিবর্তন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ঘোষণা করেছে, আগামী ১ অক্টোবর থেকে আর ইউপিআই-এর মাধ্যমে পারসন-টু-পারসন (P2P) মানি রিকোয়েস্ট পাঠানো যাবে না।
এনপিসিআই জানিয়েছে, এই ফিচারের অপব্যবহার এবং বেড়ে চলা জালিয়াতি রুখতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে কাউকে টাকা পাঠানোর অনুরোধ পাঠানো এখন পর্যন্ত একটি সুবিধাজনক পরিষেবা হলেও, এর সুযোগ নিয়ে বহু মানুষ প্রতারণার শিকার হয়েছেন। সাইবার অপরাধীরা ভুয়ো মানি রিকোয়েস্ট পাঠিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছিল বলেই জানা গিয়েছে।
তবে ব্যবসায়িক বা মার্চেন্ট ট্রানজ়াকশনের ক্ষেত্রে এই ফিচার বন্ধ হচ্ছে না। অর্থাৎ রেলের টিকিট বুকিং, বিভিন্ন অ্যাপের মাধ্যমে কেনাকাটা বা ভেরিফায়েড মার্চেন্ট ইউপিআই আইডি থেকে আসা রিকোয়েস্ট ভবিষ্যতেও চালু থাকবে।
এমপিয়াই আশ্বাস দিয়েছে, পারসন-টু-পারসন মানি রিকোয়েস্ট ফিচার বন্ধ হলেও ইউপিআই-এর অন্য সমস্ত পরিষেবা আগের মতোই কার্যকর থাকবে। যেমন কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠানো, মোবাইল নম্বর বা ইউপিআই আইডি ব্যবহার করে সরাসরি ট্রান্সফার—সব কিছুই চালু থাকবে।
অর্থাৎ, অক্টোবর থেকে আর ব্যক্তিগতভাবে ইউপিআই রিকোয়েস্ট পাঠানো যাবে না, তবে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে এই সুবিধা ঠিকই মিলবে।










