অভিষেক সেনগুপ্ত,জলপাইগুড়ি: নিয়ম না মেনে দ্রুতগতির জের। বনাঞ্চলের মাঝে জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত এক মহিলা। জখম হয়েছেন আরও ৩ জন। ঘটনাটি ঘটেছে গরুমারা অভয়ারণ্য ও লাটাগুড়ির জঙ্গলের মাঝে জাতীয় সড়কে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার জন যাত্রী নিয়ে ওই রাস্তায় অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল গাড়িটি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছো সজোরে ধাক্কা মারে। চরম ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় মেটেলি থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। উদ্ধার কাজ শুরু করেন তারা। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের স্থানীয় মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মৃত ও জখম ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা করছে মেটেলি থানার পুলিশ। শুরু হয়েছে তদন্তও।









