জামুড়িয়া: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জামুড়িয়ায় এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে সোনা ও রুপোর গয়না উদ্ধার করল পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির বাসিন্দা অভিষেক বেদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।রবিবার সন্ধ্যায় দামোদরপুর বেদপাড়ায় অভিষেক বেদের বাড়িতে হানা দেয় জামুড়িয়া থানার পুলিশের একটি দল। বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৮৪০ গ্রাম রুপোর গয়না এবং ৭ গ্রাম সোনার গয়না উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে খবর, তল্লাশি অভিযান শুরু হওয়ার আগেই অভিযুক্ত ব্যক্তি পুলিশের গতিবিধি আঁচ করতে পেরে সেখান থেকে সরে যায়। পরে উদ্ধার হওয়া সমস্ত গয়না নিয়ম মেনে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় পুলিশ।ঘটনায় ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ রুপোর গয়না ও সোনার গয়নার উৎস কী, সেগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং এর পিছনে কোনও বড় চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।পাশাপাশি অভিযানের সময় বাড়ি থেকে পালিয়ে যাওয়া অভিষেক বেদকে গ্রেফতারের জন্যও তল্লাশি শুরু হয়েছে। তদন্ত যত এগোবে, উদ্ধার হওয়া গয়না সংক্রান্ত আরও তথ্য সামনে আসতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।









