আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের (ডিডি) অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। শুক্রবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ১০৪ কেজি গাঁজা-সহ একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
গোয়েন্দা বিভাগ ও কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। কল্যাণেশ্বরী লেফট ব্যাংক সংলগ্ন পুলিশ বাগান এলাকায় নাকা তল্লাশি চলাকালীন এই সাফল্য আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা বিভাগের কাছে খবর ছিল যে, ঝাড়খণ্ড থেকে একটি চারচাকা গাড়িতে করে বিপুল পরিমাণ গাঁজা পশ্চিমবঙ্গে পাচার করা হচ্ছে। সেই অনুযায়ী এলাকায় নজরদারি বাড়ানো হয়।
নাকা তল্লাশি দেখে গাড়ির চালক আগেই বিষয়টি বুঝতে পেরে গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১০০টি প্যাকেটে মোট ১০৪ কেজি গাঁজা উদ্ধার করে।
উদ্ধার হওয়া গাড়িটি নতুন এবং তাতে কোনও নম্বর প্লেট লাগানো ছিল না বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, এত বিপুল পরিমাণ গাঁজা কোথায় পাচার করা হচ্ছিল এবং এর পিছনে কারা রয়েছে, তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। গাড়ির মালিকানা শনাক্ত করার পাশাপাশি এই মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সন্ধানেও তদন্ত চালানো হচ্ছে।










