Home / খবর / জেলায় জেলায় / আসানসোলে বুলডোজার চালিয়ে অবৈধ দখলদার উচ্ছেদ, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে নেমে পড়ে পুরনিগম-পুলিশ

আসানসোলে বুলডোজার চালিয়ে অবৈধ দখলদার উচ্ছেদ, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে নেমে পড়ে পুরনিগম-পুলিশ

আসানসোল: রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কড়া নির্দেশের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শুরু হয়ে গেল প্রশাসনের বড়সড় উচ্ছেদ অভিযান। শুক্রবার সকাল থেকে আসানসোলের জিটি রোড সংলগ্ন রাহালেন মোড় বাজার এলাকা থেকে গীর্জামোড় পর্যন্ত বুলডোজার নামিয়ে ফুটপাত ও রাস্তা দখল করে থাকা একাধিক অবৈধ নির্মাণ ও অস্থায়ী দখল সরিয়ে দেয় আসানসোল পুরনিগম।
বৃহস্পতিবার দুপুরে বাজার এলাকা পরিদর্শনে এসে ফুটপাত ও রাস্তা জুড়ে বেআইনি দখলদারি দেখে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি উপস্থিত পুরনিগম ও প্রশাসনের আধিকারিকদের অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশের পরই বৃহস্পতিবার সন্ধ্যায় পুরনিগমের পক্ষ থেকে মাইকিং করে ব্যবসায়ী ও দখলদারদের স্বেচ্ছায় অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়ার আবেদন জানানো হয়। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়, শুক্রবার সকাল থেকেই শুরু হবে উচ্ছেদ অভিযান।
ঘোষণা মতো শুক্রবার সকাল প্রায় ১১টা থেকে শুরু হয় অভিযান। পুরনিগমের আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে রাস্তা ও ফুটপাতের উপর গড়ে ওঠা অবৈধ দখল একের পর এক ভেঙে ফেলা হয়। পুরো অভিযান জুড়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। ফলে কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে অভিযান সম্পন্ন হয়।
প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে জিটি রোডের এই অংশে ফুটপাত দখল এবং রাস্তার উপর অবৈধ নির্মাণের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। পথচারীদের চলাচলও ব্যাহত হচ্ছিল। সেই সমস্যা দূর করতেই সরকারি জমি দখলমুক্ত করার এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশাসনিক সূত্রের খবর, এটি শুধুমাত্র শুরু। শহরের আরও যেসব এলাকায় ফুটপাত ও সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ হয়েছে, সেখানেও আগামী দিনে একই ধরনের কড়া উচ্ছেদ অভিযান চালানো হবে। ফলে অবৈধ দখলদারদের মধ্যে ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *