Home / খবর / জেলায় জেলায় / দুর্গাপুরে ইসকন মন্দিরে মহাসমারোহে পালিত হলো জগন্নাথদেবের স্নানযাত্রা

দুর্গাপুরে ইসকন মন্দিরে মহাসমারোহে পালিত হলো জগন্নাথদেবের স্নানযাত্রা

দুর্গাপুর: ভক্তি, আস্থা ও আনন্দের আবহে সোমবার দুর্গাপুরের ইসকন মন্দিরে মহাসমারোহে পালিত হলো মহাপ্রভু শ্রীশ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী স্নানযাত্রা মহোৎসব। এদিন ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। মহাপ্রভুর দর্শন ও আশীর্বাদ লাভের উদ্দেশ্যে সকাল থেকেই হাজার হাজার ভক্ত দূর-দূরান্ত থেকে মন্দিরে উপস্থিত হন। বৈদিক মন্ত্রোচ্চারণ, হরিনাম সংকীর্তন এবং ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির চত্বর। নির্ধারিত ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনে মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে সুসজ্জিত স্নানবেদীতে প্রতিষ্ঠা করে পবিত্র জল, চন্দন, সুগন্ধি দ্রব্যসহ বিভিন্ন উপাচারে মহাস্নান করানো হয়। এই পবিত্র মুহূর্তের সাক্ষী থাকতে অধীর আগ্রহে অপেক্ষা করেন অসংখ্য ভক্ত। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হলো স্নানযাত্রা। এই উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দুর্গাপুর ইসকন মন্দিরে ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভক্তরা মহাপ্রভুর দর্শন করেন। পূজা-অর্চনায় অংশ নেন এবং তাঁর আশীর্বাদ লাভ করেন।
মন্দির কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, প্রতি বছরের মতো এবারও রীতি ও আচার মেনে স্নান যাত্রা পালন করা হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *