জলপাইগুড়ি: ভূত তাড়াতে বেত্রাঘাত ওঝার। বেতের ঘায়ে প্রাণ গেল অসুস্থ রোগীর। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জের পানিকৌরি এলাকার ডাঙাপাড়ায়। ২ ওঝাকে ১৪ দিনের জেলা হেফাজতের নির্দেশ জলপাইগুড়ি জেলা আদালতের।
সম্প্রতি ওই এলাকার বাসিন্দা জনৈক ক্ষিতেন রায় অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করেন পরিজনেরা। তবে, চিকিৎসায় তেমন সুফল মেলেনি বলে দাবি ক্ষিতেনের আত্মীয় স্বজনদের। পরে, রোগ সারাতে স্থানীয় এক ওঝার দ্বারস্থ হন পরিজনেরা। সেখান থেকে রোগীকে নিয়ে যাওয়া হয় আরেক ওঝার কাছে। দ্বিতীয় ওঝা শরীর থেকে ভূত তাড়ানোর নামে বেত্রাঘাত করে বলে অভিযোগ। এই বেত্রাঘাতেই ক্ষিতেনের মৃত্যু হয় বলে অভিযোগ মৃতের পরিবারের। বুধবার ২ ওঝাকেই গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের তোলা হয় জেলা আদালতে। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।









