বার্নপুর : নোটিশের পরও না সরায় কড়া পদক্ষেপ, রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ দখলদারি ও নির্মাণের বিরুদ্ধে প্রশাসনিক কড়াকড়ি আরও জোরদার হয়েছে। সেই আবহেই শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার বার্নপুরে চাঞ্চল্যকর পদক্ষেপ নিল সেল আইএসপি (ইস্কো স্টিল প্ল্যান্ট) কর্তৃপক্ষ। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো তৃণমূল কংগ্রেসের দুটি পার্টি অফিস, যা দীর্ঘদিন ধরে আইএসপির জমি দখল করে তৈরি হয়েছিল বলে অভিযোগ।
জানা গিয়েছে, একটি পার্টি অফিস ছিল বার্নপুরের বাটা রোডে, অন্যটি মসজিদ রোড এলাকায়। শুক্রবার সকালে আইএসপির আধিকারিকরা নিরাপত্তা বাহিনী ও প্রশাসনিক উপস্থিতিতে সেখানে পৌঁছন। এরপর বুলডোজার দিয়ে একে একে দুটি নির্মাণই গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আইএসপি সূত্রে দাবি, সংশ্লিষ্ট পার্টি অফিস দু’টি সেল আইএসপির জমির উপর বেআইনিভাবে নির্মিত হয়েছিল। বিষয়টি নিয়ে আগেই একাধিকবার সতর্ক করা হয়েছিল এবং আইন মেনে উচ্ছেদের নোটিশও পাঠানো হয়। কিন্তু নোটিশের পরও দখলমুক্ত না হওয়ায় শেষ পর্যন্ত ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়।
সেল আইএসপির তরফে স্পষ্ট জানানো হয়েছে, “পুরো প্রক্রিয়া আইন মেনেই করা হয়েছে। আগাম নোটিশ পাঠানোর পরও নির্মাণ না সরানোয় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।”
ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীদের দাবি, সরকারি ও শিল্প সংস্থার জমি দখল করে দলীয় অফিস তৈরির সংস্কৃতির বিরুদ্ধে এবার কড়া বার্তা দেওয়া হচ্ছে। যদিও এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যে প্রশাসনিক কড়াকড়ির নতুন পর্বে “দখলমুক্তি অভিযান” আরও গতি পেতে পারে। বার্নপুরের এই ঘটনা সেই ইঙ্গিতই দিচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের।










