উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : আশা কর্মীদের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার সারা রাজ্যের পাশাপাশি জয়নগরেও ধিক্কার দিবস পালন করলেন আশা কর্মীরা। আশা কর্মী সংগঠনের ডাকে প্রতিটি ব্লকে এই কর্মসূচি পালিত হয়।
জানা গিয়েছে, গত ২৩ ডিসেম্বর থেকে বেতন বৃদ্ধি-সহ আট দফা দাবিকে সামনে রেখে রাজ্যজুড়ে লাগাতার অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছেন আশা কর্মীরা। সেই আন্দোলনেরই অংশ হিসেবে বুধবার স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি ছিল। অভিযোগ, ওই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় আশা কর্মীদের আটকে দেয় পুলিশ। তাঁদের কাজে বাধা দেওয়া হয়, একাধিক কর্মীকে গ্রেফতার করা হয় এবং পরে ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনার প্রতিবাদেই বৃহস্পতিবার ধিক্কার দিবস পালন করা হয়। জয়নগর ১ নম্বর ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতাল এবং জয়নগর ২ নম্বর ব্লকের নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে আশা কর্মীরা কালো ব্যাজ পরে ও প্রতিবাদী স্লোগান তুলে ধিক্কার দিবস পালন করেন।
আশা কর্মীদের অভিযোগ, ন্যায্য দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করলেও তাঁদের উপর পুলিশি দমন নেমে এসেছে। দ্রুত বেতন বৃদ্ধি-সহ দাবিগুলি মানা না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।










