Home / খবর / রাজ্য / আইপ্যাক-কাণ্ডে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল রাজ্যের, ইডির একতরফা শুনানিতে আপত্তি

আইপ্যাক-কাণ্ডে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল রাজ্যের, ইডির একতরফা শুনানিতে আপত্তি

আইপ্যাকের দফতর ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি ঘিরে চলমান আইনি লড়াইয়ে আগাম পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকার। শনিবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য। রাজ্যের আর্জি, এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) যদি সুপ্রিম কোর্টে কোনও আবেদন জানায়, তবে রাজ্য সরকারকে অবশ্যই তা জানাতে হবে এবং কোনও নির্দেশ দেওয়ার আগে রাজ্যের বক্তব্য শুনতে হবে শীর্ষ আদালতকে।

রাজ্য সরকারের আশঙ্কা, আইপ্যাক-কাণ্ডে কলকাতা হাই কোর্টে চলা মামলাকে কেন্দ্র করে ইডি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। সেই কারণেই আগাম ক্যাভিয়েট দাখিল করা হয়েছে, যাতে ইডির বক্তব্য একতরফাভাবে শুনে কোনও অন্তর্বর্তী নির্দেশ না দেওয়া হয়। ক্যাভিয়েট থাকলে, উভয় পক্ষের বক্তব্য শোনা আদালতের পক্ষে বাধ্যতামূলক হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার কয়লা পাচার মামলার সূত্র ধরে আইপ্যাক কর্তা প্রতীক জৈনের কলকাতার লাউডন স্ট্রিটের বাড়ি ও সল্টলেক সেক্টর ফাইভে সংস্থার দফতরে তল্লাশি চালায় ইডি। সংস্থার দাবি, প্রায় ২,৭৪২ কোটি টাকার আর্থিক লেনদেন সংক্রান্ত তদন্তে হাওয়ালা যোগের সূত্র মেলে, যার একটি অংশ আইপ্যাকের কাজে ব্যবহৃত হয়েছে। সেই তদন্তের অংশ হিসেবেই দিল্লি ও কলকাতায় মোট ১০টি জায়গায় তল্লাশি চালানো হয়।

ইডির অভিযোগ, তল্লাশি চলাকালীন রাজ্য পুলিশের সহায়তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে ঢুকে গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল ডিভাইস নিয়ে বেরিয়ে যান, যার ফলে তদন্তে বাধা সৃষ্টি হয় এবং ডিজিটাল ফরেন্সিক কাজ মাঝপথে বন্ধ হয়ে যায়। এই অভিযোগ তুলে শুক্রবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় ইডি এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি তোলে।

অন্যদিকে, ইডির তল্লাশির বৈধতা নিয়ে রাজ্য সরকারও হাই কোর্টে মামলা করে। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুক্রবার ওই দুই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও আদালত কক্ষে অতিরিক্ত ভিড় ও হইচইয়ের কারণে শুনানি সম্ভব হয়নি। ফলে দু’টি মামলাই ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখা হয়েছে।

হাই কোর্টে দ্রুত শুনানির আবেদন জানিয়েও ইডি সফল না হওয়ায়, রাজ্য সরকার আশঙ্কা করছে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সংস্থা সুপ্রিম কোর্টে যেতে পারে। সেই প্রেক্ষিতেই শনিবার ক্যাভিয়েট দাখিল করে রাজ্য, যাতে আইপ্যাক-কাণ্ডে শীর্ষ আদালতে রাজ্যের বক্তব্য উপেক্ষিত না হয়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *