কোলফিল্ড টাইমস: আজ, বৃহস্পতিবার, শুরু বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এর ভোটগ্রহণ। প্রথম দফায় আজ ভোট হচ্ছে ১২১টি আসনে। দ্বিতীয় দফার ভোট হবে আগামী ১১ নভেম্বর, আর সবকটি ২৪৩ আসনের ভোট গণনা হবে ১৪ নভেম্বর।
রাজ্য জুড়ে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট চলবে। বিকেল ৫টার পরও যদি কেউ ভোটকেন্দ্রে সারিতে থাকেন, তাঁদের ভোটদানের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এবারের নির্বাচনে দুই দফায় মোট ২,৬১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। প্রথম দফার ভোট হচ্ছে মূলত দক্ষিণ ও মধ্য বিহারের জেলাগুলিতে।
বিশেষ নিবিড় সংশোধনের পর প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, বিহারে মোট ৭ কোটি ৪২ লক্ষ ভোটার রয়েছেন—এর মধ্যে ৩.৯২ কোটি পুরুষ এবং ৩.৫ কোটি মহিলা। ভোটগ্রহণ চলছে ৯০,৭১২টি বুথে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ৫০০-রও বেশি কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর কোম্পানি, যার মধ্যে CRPF, BSF, CISF, ITBP ও SSB, মোতায়েন রয়েছে। প্রতিটি আসনে এক জন করে পর্যবেক্ষক ভোট প্রক্রিয়ার উপর নজর রাখছেন।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, স্বচ্ছতা নিশ্চিত করতে সব ভোটকেন্দ্র থেকেই ওয়েবকাস্টিং করা হচ্ছে। ভোটারদের মোবাইল ফোন ভোটকক্ষের বাইরে জমা রাখতে হবে।










