Home / খবর / জেলায় জেলায় / রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানের অভিযোগে কুলটিতে পথ অবরোধ, বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানের অভিযোগে কুলটিতে পথ অবরোধ, বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের

কুলটি : দিন কয়েক আগে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তরবঙ্গে সাঁওতালদের একটি সংগঠনের এক অনুষ্ঠানে যোগ দিতে আসেন। সেই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য মন্ত্রীসভার কোনও ক্যাবিনেট মন্ত্রী তাকে স্বাগত জানাতে যাননি। সেই অনুপস্থিতির কারণে প্রশ্ন উঠে যে, দেশের রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে। রাষ্ট্রপতি নিজে এই ব্যাপারে উষ্মা প্রকাশ করেন। তারপরই বিজেপি এই নিয়ে সরব হয়।

এই অভিযোগ তুলে বুধবার আসানসোলের কুলটি বিধানসভার নিয়ামতপুরের শালকালানিতে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা। প্রায় দশ মিনিট পথ অবরোধ চলার পর কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।

এই কর্মসূচির আগে শালকালানিতে সিধু কানুর মূর্তিতে মাল্যদান করা হয় আদিবাসী সম্প্রদায়ের তরফে।

এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের কুলটি শহর সভাপতি রাহুল ঘোষাল বলেন, রাষ্ট্রপতিকে কোনও অপমান করা হয়নি। প্রোটোকল মেনে যা করা উচিত তা করা হয়েছে। আসল কথা হল, ভোটের আগে এইসব ইস্যু সামনে এনে বিজেপি বাংলায় একটা বিশেষ সম্প্রদায়ের মানুষজনদের কাছে টানার চেষ্টা করছে। কিন্তু তাতে কোনও লাভ হবে না।

তিনি আরও বলেন, বিজেপি আদিবাসীদের কেমন সম্মান করে, তা গোটা দেশের মানুষেরা জানেন। লালকৃষ্ণ আডবানীর বাড়ি, রাম মন্দির ও নতুন সংসদ ভবন উদ্বোধনে বিজেপি রাষ্ট্রপতির সঙ্গে কি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে তা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *