পশ্চিমবঙ্গ সফরের তৃতীয় দিনে মঙ্গলবার ব্যস্ত কর্মসূচি রয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। সকালে প্রথমেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যাবেন বেলুড় মঠ-এ। সেখানে প্রার্থনা সেরে তিনি অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠকের কর্মসূচিতে যোগ দেবেন।
এর পর রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী-র সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশনের প্রতিনিধিদল। সকাল সাড়ে ১০টা নাগাদ নিউ টাউন-এর একটি হোটেলে ওই বৈঠক শুরু হওয়ার কথা। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে মুখ্যসচিবের পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি, মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল আধিকারিকরাও উপস্থিত থাকবেন।
আসন্ন নির্বাচনের প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বেলা সাড়ে ১২টা নাগাদ জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সাংবাদিক বৈঠক করবে। সেখানে সফর ও বৈঠক সংক্রান্ত গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হতে পারে। বিকেলের দিকে নির্বাচন কমিশনের প্রতিনিধিদল দিল্লির উদ্দেশে রওনা দেবে।









