আসানসোল : বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে আশা কর্মীরা কর্মবিরতি পালন করছেন। বুধবার সেই কর্মবিরতি ৩৫ দিনে পড়ল।
পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের আশা কর্মীরাও সেই আন্দোলনে রয়েছেন। বুধবার কর্মবিরতিতে থাকা আশা কর্মীরা আসানসোলের বিএনআর মোড় এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে একটি প্রতিবাদ মিছিল হয়। এই মিছিল ও অবস্থানে আসানসোলের আশা কর্মী উপস্থিত ছিলেন। তাঁরা নিজেদের দাবির সমর্থনে স্লোগান দেন।
আশা কর্মী ইউনিয়নের নেত্রী মঞ্জু চক্রবর্তী এদিন বলেন, আশা কর্মীরা গত বছরের ২৩ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। আমাদের প্রধান দাবি ন্যূনতম ১৫,০০০ টাকা বেতন। এছাড়াও, বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে আশা কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা, মাতৃত্বকালীন ছুটি এবং অসুস্থ হয়ে পড়লে তার পরিবারকে সহায়তা করতে হবে ।
মঞ্জু চক্রবর্তী আরও বলেন, গত ২১জানুয়ারী, রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের নির্দেশ অনুসারে, রাজ্য জুড়ে আশা কর্মীরা কলকাতার স্বাস্থ্য ভবনে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আমাদের বলা হয়েছিল যে, তারা তাদের দাবিগুলি নিয়ে স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের সাথে আলোচনা করবেন। কিন্তু দেখা গেছে যে বিভিন্ন এলাকায় আশা কর্মীদের কলকাতায় যেতে বাধা দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের মাধ্যমে তাদের বাধা দেওয়া হয়েছে এবং যে আশা কর্মীরা কলকাতায় পৌঁছাতে পেরেছেন তাদেরও প্রশাসনের মাধ্যমে অমানবিক আচরণ করা হয়েছে।
তারই প্রতিবাদে এবং আমাদের দাবির সমর্থনে, এদিন আমরা আসানসোলে মিছিল করেছি ও অবস্থানে বসেছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ এবং কর্মবিরতি অব্যাহত থাকবে।










