Home / খবর / জেলায় জেলায় / হিয়ারিংয়ের নামে হয়রানির অভিযোগ ও তৃণমূল-বিজেপি সেটিংয়ের তত্ত্ব, আসানসোলে সিপিএমের এসডিও অফিস অভিযানে উত্তেজনা

হিয়ারিংয়ের নামে হয়রানির অভিযোগ ও তৃণমূল-বিজেপি সেটিংয়ের তত্ত্ব, আসানসোলে সিপিএমের এসডিও অফিস অভিযানে উত্তেজনা

আসানসোল : এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ায় শুনানি বা হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে গোপন সমঝোতা রয়েছে। এমনই সব অভিযোগকে সামনে রেখে বৃহস্পতিবার আসানসোলে মহকুমাশাসক বা এসডিও অফিস চলো অভিযান করল সিপিএম।

পুলিশ আগে থেকে সিপিএমের নেতা ও কর্মীদের আটকানোর জন্য এসডিও অফিসের গেট বন্ধ করে রেখেছিল। সিপিএমের নেতা ও কর্মীরা সেই গেট খোলার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। সেই সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তি শুরু হয়ে যায়। যা নিয়ে এসডিও অফিস চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিন আসানসোল জেলা গ্রন্থাগারের কাছ থেকে সিপিএমের একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় সিপিএম নেতা পার্থ মুখোপাধ্যায়। মিছিলে আসানসোল উত্তর ও আসানসোল দক্ষিণ বিধানসভার বহু সিপিআইএম কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সিপিএমের অভিযোগ, এসআইআরে হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে অহেতুক ডেকে এনে হয়রানি করা হচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদ জানাতেই মহকুমাশাসকের দপ্তরে গিয়ে দাবি জানানো ছিল দলের উদ্দেশ্য।

এদিন বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতা পার্থ মুখার্জী বলেন, আমরা ভেবেছিলাম এসডিও অফিসে গিয়ে এসডিওর সঙ্গে দেখা করে আমাদের দাবি তুলে ধরবো । কিন্তু পুলিশ দায়িত্ব নিয়ে গেট বন্ধ করে রেখেছিল। তাই বাধ্য হয়ে রাস্তাতেই আমাদের সভা করতে হচ্ছে। আমরা চাই, সাধারণ মানুষের হয়রানি বন্ধ করা হোক। না হলে, আরও বৃহত্তর আন্দোলন করা হবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *