উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, গঙ্গাসাগর: গঙ্গাসাগর মেলা ২০২৬ উপলক্ষে মুড়িগঙ্গা নদীতে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হল। কাকদ্বীপ লট নম্বর ৮ থেকে কচুবেড়িয়ার উদ্দেশে যাত্রার সময় এমভি বুলবুল নামে একটি বার্জ প্রায় ৩ হাজার তীর্থযাত্রী নিয়ে মাঝনদীতে আটকে পড়ে।
বার্জটিতে মহিলা, শিশু ও বয়স্ক যাত্রীসহ বিপুল সংখ্যক পুণ্যার্থী ছিলেন। দীর্ঘক্ষণ নদীর মাঝখানে আটকে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কনকনে ঠান্ডা, কুয়াশা ও অনিশ্চিত পরিস্থিতির কারণে অনেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন। রাজ্যের বিভিন্ন জেলা ও ভিনরাজ্য থেকে আসা তীর্থযাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজে নামে প্রশাসন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা পানীয় জল ও শুকনো খাবার নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। পরে ছোট নৌকার মাধ্যমে একে একে তীর্থযাত্রীদের নিরাপদে কচুবেড়িয়ায় নিয়ে আসা হয়।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মুড়িগঙ্গা নদীতে ভাটার কারণে আচমকাই জলস্তর নেমে যাওয়ায় বার্জটি আটকে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর উদ্ধার হওয়া তীর্থযাত্রীরা জানান, সময়মতো ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে নদীপথে নজরদারি আরও বাড়ানো হবে এবং তীর্থযাত্রীদের নিরাপত্তায় অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে।










