মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এ বার আইনি লড়াইয়ের পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাম্প্রতিক কয়েকটি মন্তব্যকে ঘিরে গত শুক্রবার মুখ্যমন্ত্রীকে আইনজীবীর মাধ্যমে মানহানির নোটিস পাঠিয়েছিলেন তিনি। ওই নোটিসে ৭২ ঘণ্টার মধ্যে মন্তব্যের স্বপক্ষে প্রামাণ্য নথি পেশ করার দাবি জানানো হয়েছিল। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও কোনও উত্তর না পাওয়ায় এ বার মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন শুভেন্দু।
মঙ্গলবার সকালে সমাজমাধ্যমে পোস্ট করে বিরোধী দলনেতা লেখেন, মুখ্যমন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে কোনও জবাব দিতে না পারায় স্পষ্ট হয়ে গিয়েছে যে তাঁর বিরুদ্ধে করা কয়লা কেলেঙ্কারির অভিযোগের কোনও বাস্তব ভিত্তি নেই। শুভেন্দুর দাবি, ওই মন্তব্য সম্পূর্ণ কল্পনাপ্রসূত। পোস্টে মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি লেখেন, “এ বার আদালতে আইনি পরিণতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকুন। আদালতেই দেখা হবে।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ও শুক্রবার মুখ্যমন্ত্রীর কয়েকটি বক্তব্যে আপত্তি তোলে বিজেপি। শুভেন্দুর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত করেছেন যে কোনও একটি কয়লা দুর্নীতির ঘটনায় তিনি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যুক্ত। এমনকি মুখ্যমন্ত্রীর কাছে এই সংক্রান্ত নথি রয়েছে বলেও দাবি করা হয়েছে। এই মন্তব্যে নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে দাবি করে ৭২ ঘণ্টার মধ্যে সেই নথি পেশ করার দাবি জানিয়ে মানহানির নোটিস পাঠান শুভেন্দু।
বিরোধী দলনেতার দাবি, এখনও পর্যন্ত ওই নোটিসের কোনও জবাব তিনি পাননি। তাই পরবর্তী আইনি পদক্ষেপ হিসেবে মামলা দায়েরের পথেই এগোচ্ছেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ওই ঘটনায় মুখ্যমন্ত্রী সরাসরি ইডি ও বিজেপির বিরুদ্ধে ‘আঁতাতের’ অভিযোগ তুলেছিলেন। এই টানাপড়েনের আবহেই মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার মধ্যে আইনি সংঘাত আরও তীব্র হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।










