Home / খবর / রাজ্য / ২০১৬-র এসএসসি নিয়োগে ওয়েটিং লিস্টে থাকা মামলাকারীদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ হাইকোর্টের

২০১৬-র এসএসসি নিয়োগে ওয়েটিং লিস্টে থাকা মামলাকারীদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ হাইকোর্টের

২০১৬ সালের এসএসসি-র নিয়োগে ওয়েটিং লিস্টে থাকা মামলাকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলাটি ওঠে। নির্দেশে বলা হয়েছে, যাঁদের বয়সসীমা পেরিয়ে যাওয়ার কারণ দেখিয়ে ডাকা হয়নি, তাঁদের ইন্টারভিউ নিতে হবে। তবে শুধুমাত্র মামলাকারীদের ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য। ইন্টারভিউয়ের নম্বর মুখবন্ধ খামে আদালতে জমা দেবে এসএসসি।

ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করার বিষয়ে নিজেদের সিদ্ধান্ত আদালতকে জানাতে হবে কমিশনকে—এ নির্দেশও দিয়েছেন বিচারপতি সিনহা।

মামলাকারীদের আইনজীবীরা জানান, এই চাকরিপ্রার্থীরা ফর্ম পূরণ করেছিলেন, পরীক্ষায় বসেছিলেন এবং নথি যাচাইও হয়েছিল। কিন্তু পরে তাঁদের জানানো হয়, বয়স পেরিয়ে যাওয়ার কারণে ইন্টারভিউয়ে ডাকা হবে না।

আইনজীবীদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ‘যোগ্য’ প্রার্থীরা বয়সজনিত ছাড় পাবেন। কিন্তু তা কার্যকর না হওয়ায় মামলা দায়ের করা হয়। গত বছরের এপ্রিল মাসে ২০১৬ সালের এসএসসি-র গোটা প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট—ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী চাকরি হারান। শীর্ষ আদালতের নির্দেশে নতুন নিয়োগ প্রক্রিয়া চলছে। এর মধ্যেই ওয়েটিং লিস্টে থাকা মামলাকারীদের ইন্টারভিউ সংক্রান্ত হাইকোর্টের এই নির্দেশকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *