Home / খবর / রাজ্য / এনুমারেশন পর্ব শেষ, রাজ্যে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়ছে কত নাম

এনুমারেশন পর্ব শেষ, রাজ্যে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়ছে কত নাম

পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা থেকে এনুমারেশন পর্ব শেষে বাদ পড়তে চলেছেন ৫৮ লক্ষ ৮ হাজার ২০২ জন। খসড়া তালিকা প্রকাশের সময় সামান্য হেরফের হতে পারে, তবে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

কমিশন সূত্রের হিসাবে, মৃত ভোটারের সংখ্যা ২৪,১৮,৬৯৯। নিখোঁজ হিসেবে চিহ্নিত হয়েছে ১২,০১,৪৬২ জনের নাম। তিন বার বাড়ি গিয়েও বিএলও-রা কাউকে না-খুঁজে পেলে তাঁকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়। ঠিকানা বদলানো ভোটারের সংখ্যা ১৯,৯৩,০৮৭। একাধিক জায়গায় নাম থাকায় একটি স্থানে রেখে বাকিগুলি থেকে তাঁদের নাম বাদ দেওয়া হচ্ছে। এ ছাড়া ভুয়ো ভোটার হিসেবে চিহ্নিত ১,৩৭,৫৭৫ জন এবং ‘অন্যান্য’ তালিকায় থাকা ৫৭,৫০৯ জনও তালিকা থেকে বাদ পড়তে চলেছেন।

আগামী ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তাতে আপত্তি থাকলে কমিশনে জানাতে হবে। শুনানি ও নথি যাচাইয়ের পর ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা।

কমিশন ভোটারদের তিনটি বিভাগে ভাগ করেছে— নিজস্ব ম্যাপিং, প্রজিনি ম্যাপিং এবং নন-ম্যাপিং। ২০০২ সালের তালিকায় যাঁদের নাম ছিল তাঁরা নিজস্ব ম্যাপিং, যাঁদের ছিল না কিন্তু আত্মীয়ের নাম ছিল তাঁরা প্রজিনি ম্যাপিং, আর যাঁদের কারও নামই ছিল না তাঁরা নন-ম্যাপিং তালিকাভুক্ত। প্রায় ৩০ লক্ষ নন-ম্যাপিং ভোটারকে শুনানিতে ডাকা হবে। প্রথম দুই তালিকাতেও তথ্য নিয়ে সন্দেহ থাকলে সেখানকার ভোটারদের হাজিরা দিতে হতে পারে।

৪ নভেম্বর থেকে ১২টি রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়েছে। সাত রাজ্যে সময়সীমা বাড়ানো হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আর সময় বাড়ানো হয়নি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী এখানে প্রক্রিয়া শেষ হবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *