Home / খবর / রাজ্য / শীতের আমেজে ভাটা! দিনে-রাতে পারদ কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা

শীতের আমেজে ভাটা! দিনে-রাতে পারদ কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা

শীতের প্রস্তুতি। ছবি: রাজীব বসু

আগামী কয়েক দিনে শীতের আমেজে ভাটা পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, পুবের হাওয়া জোরদার হওয়ায় রাজ্যের উপর আর্দ্রতার পরিমাণ বাড়বে। এর ফলে দিন ও রাত—দুই সময়েই তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শুষ্ক হাওয়ার প্রবাহ কমে গেলে শীতের অনুভূতিও কমবে।

এদিকে উত্তর ভারতে সক্রিয় হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। তার প্রভাবে ২০ নভেম্বর থেকে উত্তর-পশ্চিম দিক থেকে শীতল বায়ুর প্রবেশ ব্যাহত হবে। পারদের পতন থমকে যাবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী দু’এক দিন সিকিম-সহ উত্তরবঙ্গের পাহাড়ের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সপ্তাহান্তে বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে, যা নিম্নচাপে পরিণত হতে পারে। এই আবহে নভেম্বরের শেষ দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে, বাতাসে জলীয় বাষ্প বাড়বে। ফলে শীতের আমেজ মিলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমলেও নতুন নিম্নচাপের সম্ভাবনা মিলিয়ে নভেম্বর মাসে জাঁকিয়ে শীত পড়বে না বলেই স্পষ্ট ইঙ্গিত মিলছে।

এরই মধ্যে কলকাতার তাপমাত্রা বাড়তেও শুরু করেছে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৮.৪ ডিগ্রি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শুক্রবারের মধ্যে তা ২১ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *