২০২২ সালের স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতারি ও দীর্ঘ কারাভোগের পর সদ্য জামিনে মুক্তি পান পার্থ। মুক্তির পর প্রথমবার সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে তিনি বর্তমানে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ও তল্লাশিতে পাওয়া অর্থ-সম্পর্কিত বিষয়েও কথা বলেন।
এবিপি আনন্দ-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অর্পিতা প্রসঙ্গে পার্থ বলেন, “সদর্পে বলছি (অর্পিতা বান্ধবী)। তাতে হবে কী? আপনি আমার করবেন কী? যার বউ আছে, তার যদি দু’টো থাকতে পারে, আমার বউ নেই, একটা বান্ধবী থাকতে পারে না! বাহ্, এ কী? আমি সদর্পে বলছি”।
নিয়োগ দুর্নীতি মামলায় একইদিনে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি। অর্পিতার খাটের নিচ থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা, গয়না। দাবি, পুরোটাই নিয়োগ দুর্নীতির টাকা।
পার্থ জেল থেকে বেরিয়ে সেই টাকার সঙ্গে নিজের যোগাযোগ অস্বীকার করেছেন। বলেছেন, আমার বাড়ি থেকে তো কোনও টাকা পাওয়া যায়নি। বান্ধবীর বাড়ি থেকে পেয়েছে। বান্ধবীই তার উত্তর দেবে।’’
অর্পিতার সঙ্গে যোগাযোগ আছে? পার্থের সংক্ষিপ্ত উত্তর, ‘‘না।’’ দুর্নীতি কি হয়েছিল?
পার্থের কথায়, ‘‘কোনও দুর্নীতি হয়নি। আমি তো দীর্ঘ সময় শিক্ষামন্ত্রী পদে ছিলাম। তখন তো কেউ দুর্নীতির কথা বলেননি। ২০২১ সালে আমি সরে যাওয়ার পরেই কেন এত কিছু বলা হল? বেনিয়ম হতে পারে, কাজে ত্রুটি হতে পারে। কিন্তু তা দুর্নীতি নয়। এত কাজ করলাম, সকলে সব ভুলে গেল?’’










