Home / খবর / জেলায় জেলায় / ব্যবসায় মন্দা, আসানসোলে গলা কেটে আত্মহত্যার চেষ্টা ফল বিক্রেতার

ব্যবসায় মন্দা, আসানসোলে গলা কেটে আত্মহত্যার চেষ্টা ফল বিক্রেতার

আসানসোল: ব্যবসায় মন্দা ও আর্থিক অনটনের জেরে আত্মহত্যার চেষ্টা এক ফল বিক্রেতার। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোল বাজার এলাকায়। গোডাউনের ভিতরে ছুরি দিয়ে নিজের গলা কেটে গুরুতর জখম হন ওই ব্যক্তি। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আহত ফল বিক্রেতার নাম মহম্মদ জামির (৪৫)। তিনি আসানসোলের হিরাপুর থানার ইসমাইল এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে আসানসোল বাজারের সবজি মার্কেটে ফল বিক্রি করতেন। সেখানেই তাঁর একটি ছোট গোডাউন ছিল। এদিন দুপুর নাগাদ সেই গোডাউনের ভিতরেই তিনি আত্মহত্যার চেষ্টা করেন।

ঘটনা দেখতে পেয়ে অন্যান্য দোকানিরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, গত কয়েক মাস ধরে জামিরের ব্যবসা খুব খারাপ চলছিল। পাইকারদের কাছেও তাঁর বেশ কিছু টাকা বাকি ছিল। এই আর্থিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছেন বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিক অনুমান, ব্যবসায় ক্ষতি ও টাকার অভাবের কারণেই এই মর্মান্তিক পদক্ষেপ করেন ওই ফল বিক্রেতা।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *