Home / খবর / জেলায় জেলায় / অন্ডালে চাঞ্চল্য, কোলিয়ারিতে ঢুকে অস্ত্র হাতে দুষ্কৃতীদের টাকা ও মোবাইল লুঠ, মারধরের অভিযোগ, সিসিটিভি ফুটেজ ভাইরাল

অন্ডালে চাঞ্চল্য, কোলিয়ারিতে ঢুকে অস্ত্র হাতে দুষ্কৃতীদের টাকা ও মোবাইল লুঠ, মারধরের অভিযোগ, সিসিটিভি ফুটেজ ভাইরাল

অন্ডাল: অস্ত্র হাতে কোলিয়ারির সিকিউরিটি গার্ড অর্থাৎ নিরাপত্তা রক্ষীদের বেঁধে রেখে লুটপাট। রাতে ডিউটিরত হাজরি বাবু, বাতিবাবু ও কোলিয়ারির তিনজন সিকিউরিটি গার্ডকে মারধর করে তাদের কাছ থেকে কেড়ে নিয়ে যায় নগদ টাকা ও মোবাইল ফোন। এই ঘটনায় ব্যাপক আতঙ্কিত খনি শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে শনিবার রাত্রে অন্ডাল থানার ইসিএলের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে।
এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, দুষ্কৃতিদের দৌরাত্ম।
এই প্রসঙ্গে কোলিয়ারির বিএমএস নেতা তথা খনি শ্রমিক ভগবান দাস বলেন, এই ধরনের চুরির ঘটনা দীর্ঘ প্রায়ই ৩৪ বছর পর কোলিয়ারিতে ঘটলো। আর এই ঘটনার পরেই আতঙ্কিত শ্রমিক মহল। তিনি আরও বলেন, রাতে ডিউটিতে যদি নিরাপত্তা না থাকে খনি শ্রমিকদের, তাহলে তারা ডিউটি করতে আসবে কোন ভরসায়। পাশাপাশি এই ঘটনায় ইসিএল কতৃপক্ষ ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। এছাড়াও ইসিএলের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ কি করছিল, এই ঘটনায় সেটাও একটা বড় প্রশ্ন তুলেছে এই খনি এলাকায় মানুষ। শনিবার রাতে ডিউটিতে থাকা খনি শ্রমিক রাজীব মাহাতো বলেন, আমি ডিউটি করছিলাম। হঠাৎ করে কয়েক দল দুষ্কৃতি অস্ত্র হাতে আমাদের কাছে আসে। তারা তরোয়াল দেখিয়ে আমাদের থেকে ছিনিয়ে নেয় মোবাইল ফোন ও নগদ টাকা। ভাঙচুর করা হয় কোলিয়ারির টেলিফোনও।
উল্লেখ্য, এই কোলিয়ারিতে তামার কেবল চুরি করতে এসেছিল চোরের দল। আর তা বাধা দিতেই নিরাপত্তা রক্ষীদের ঘরে আটকে রেখে মারধর করে, তাদের থেকে মোবাইল এটিএম কার্ড এবং টাকা পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ।
এই ঘটনার পরে, রাতে কাজ করা নিয়ে নিরাপত্তা হীনতায় ভুগছেন শ্রমিকরা। প্রসঙ্গত, কয়েকদিন আগেই এই ভাবেই অস্ত্র হাতে কাজোড়া এলাকায় পরপর কয়েকটি ইসিএল আবাসনে চুরির ঘটনা ঘটেছিল। কয়েকদিনের মধ্যেই ওই ঘটনায় যুক্ত দুজনকে গ্রেফতার করে অন্ডাল থানার পুলিশ। কিন্তু সপ্তাহ পার হতে না হতেই আবার চুরির ঘটনায় অস্বস্তিতে পুলিশ প্রশাসন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতিদের সনাক্ত করার চেষ্টা হচ্ছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *