জলপাইগুড়ি: কোনও এক আাদিমকালের কোনও একসময়ে শিখেছিল মানুষ। এবারে ঢিল ছোঁড়া রপ্ত করল হাতিরাও। এমন দৃশ্যই দেখা গেল নাগরাকাটার ভক্তঝোরা এলাকায়।
জলঢাকা নদী এক প্রান্তে দাঁড়িয়ে ছিল এক বুনো হাতি। উল্টো পাড়ে তখন জনাকয়েক উৎসাহী। তাদের মধ্যে কয়েকজন কমবয়সী নদীতে ঢিল ছোঁড়ে বলে অভিযোগ। নদীর উল্টোপারে মানুষ দেখে হঠাৎই ক্ষেপে যায় হাতিটি। মানুষ দেখেই ‘পাল্টা জবাব’ গজরাজের। নদীর পারে থাকা ছোট-বড় পাথর শুঁড় দিয়ে তুলে নদীর ওপরে থাকা মানুষদের লক্ষ্য করে ছুঁড়তে থাকে। ভয়ে অনেক উৎসাহীই রণে ভঙ্গ দিয়ে নিরাপদ জায়গায় সরে যান। পরে অবশ্য হাতিটিও চলে যায়। বিশেষজ্ঞদের একাংশের মতে, এ ধরণের ঘটনা উদ্বেগজনক। হাতিদের বুদ্ধিমত্তা অসাধারণ। এরা অনুকরণও করতে পারে। হয়তো জঙ্গল লাগোয়া এলাকায় মানুষের উপস্থিতি ওরা সহ্য করতে পারছে না। পরিবেশবিদ অধ্যাপক রাজা রাউত বলেন, ‘আমি এতদিন ধরে বন্যপ্রাণী নিয়ে কাজ করছি, কিন্তু এ ধরণের ঘটনার কথা শুনিনি বা দেখিনি। মানুষদের পাথর ছুঁড়তে দেখেও এই ঘটনা ঘটাতে পারে হাতিটি। বন্যপ্রাণীদের বিশেষত হাতিদের এই আচরণ নিয়ে বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে।’ জঙ্গল লাগোয়া এলাকায় অপরিকল্পিত উন্নয়ন, পাথর-বালি তোলার কারণকেও মাথায় রাখতে হবে বলে অভিমত রাজা রাউতের।










