সালানপুর: পশ্চিম বর্ধমানের আসানসোলের সালানপুর থানার আছড়া এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকদের সংঘর্ষকে ঘিরে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই পক্ষেরই একাধিক কর্মী-সমর্থক আহত হন। শুক্রবার সকালে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে বিজেপি কর্মী-সমর্থকরা রূপনারায়ণপুর-সামডি রাস্তায় আছড়া পোস্ট অফিসের সামনে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন। অবরোধে সামিল হন আহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারাও। এর ফলে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় এবং গোটা এলাকায় উত্তেজনার পারদ চড়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে একটি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা দুটি পিকআপ ভ্যানকে কেন্দ্র করে প্রথমে বচসা, পরে তা সংঘর্ষে পরিণত হয়। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। ঘটনায় তৃণমূলের দুই কর্মী গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। অন্যদিকে বিজেপির প্রায় ১০ জন কর্মী আহত হন, যাঁদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।বিজেপির দাবি, পিকআপ ভ্যান থেকে কী নামানো হচ্ছিল তা জানতে চাইতেই তাদের কর্মীদের উপর পরিকল্পিত হামলা চালানো হয়। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপি সমর্থিত দুষ্কৃতিরাই প্রথম আক্রমণ চালায় এবং তাদের কর্মীদের মারধর করে। এই ঘটনায় দুই পক্ষই সালানপুর থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছে।শুক্রবারের অবরোধে বিক্ষোভকারীরা অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং আহতদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। খবর পেয়ে সালানপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।পুলিশ জানিয়েছে, দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংঘর্ষের পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।









