দুবাইয়ে এয়ার শো চলাকালীন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস। স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টো ১০ মিনিটে প্রদর্শনী উড়ানের মাঝেই হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (হ্যাল)-এর তৈরি বিমানটি আচমকাই ভেঙে পড়ে। ঘটনার পর মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় বিমানবন্দর সংলগ্ন এলাকা। দুর্ঘটনায় পাইলটেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
দেশীয় প্রযুক্তিতে নির্মিত একক-ইঞ্জিনযুক্ত বহুমুখী যুদ্ধবিমান তেজস বর্তমানে ভারতীয় বায়ুসেনার অন্যতম নির্ভরযোগ্য সম্পদ। আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি— দুই ধরনের হামলায়ই সমান সক্ষম এই যুদ্ধবিমান। এর আধুনিকতম সংস্করণ তেজস মার্ক-১এ তৈরি হচ্ছে নাসিকের হ্যাল কারখানায়।
গত দুই বছরের মধ্যে এটি তেজস-এর দ্বিতীয় দুর্ঘটনা। গত বছরের মার্চে রাজস্থানের জয়সলমেরের কাছে ভেঙে পড়েছিল একটি তেজস যুদ্ধবিমান। সে বার পাইলট দুর্ঘটনার আগে সফলভাবে ‘ইজেক্ট’ করতে পেরেছিলেন। কিন্তু দুবাই এয়ার শো-র ঘটনায় মর্মান্তিক পরিণতি ঘটল। ভারতীয় বায়ুসেনা পাইলটের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।










