ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর ভারত থেকে প্রতিক্রিয়া জানান দেশান্তরী হাসিনা। তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, এই রায় সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট।
লিখিত বিবৃতিতে হাসিনা দাবি করেন, তাঁর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ আনা হয়েছে, সেগুলোর সপক্ষে কোনো প্রমাণ নেই। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এই রায় দেওয়া হয়েছে এবং এটি একটি অনির্বাচিত সরকারের নিয়ন্ত্রিত পক্ষপাতদুষ্ট ট্রাইব্যুনালের সিদ্ধান্ত। ফাঁসির সাজাও তিনি মানেন না। হাসিনার ভাষায়, এই রায় অন্তর্বর্তী সরকারের চরমপন্থী ব্যক্তিদের খারাপ মানসিকতার প্রমাণ। তাঁকে সরিয়ে দিতে এবং আওয়ামী লীগকে ভেঙে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রায় ঘোষণার আগে শেখ হাসিনা দেশের জনগণ এবং আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশে একটি অডিয়োবার্তা পাঠিয়েছিলেন। সেখানে তিনি বলেন, রায়ের কোনো গুরুত্ব নেই তাঁর কাছে, কারণ জীবন–মৃত্যুর সিদ্ধান্ত আল্লার হাতে। তিনি দাবি করেন, তাঁর দল ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে বাংলাদেশে ফিরে আসবে।
গত বছর জুলাই মাসে তাঁর সরকারের বিরুদ্ধে প্রবল গণআন্দোলন শুরু হয়। পরিস্থিতি জটিল হওয়ায় হাসিনাকে পদত্যাগ করতে হয় এবং তিনি ভারতে চলে আসেন। তখন থেকেই তিনি দেশান্তরী জীবন কাটাচ্ছেন এবং সময়সময় অডিয়োবার্তার মাধ্যমে দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। রবিবার রাতেও রায়ের কয়েক ঘণ্টা আগে তিনি একটি বার্তা দেন, যেখানে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে কঠোর ভাষায় আক্রমণ করেন।










