Home / খবর / বিশ্ব / বাংলাদেশে বিএনপির জয়ে তারেক রহমানকে অভিনন্দন মোদীর, সম্পর্ক মজবুত করার বার্তা

বাংলাদেশে বিএনপির জয়ে তারেক রহমানকে অভিনন্দন মোদীর, সম্পর্ক মজবুত করার বার্তা

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তিনি শুভেচ্ছা বার্তা দেন।

মোদী লিখেছেন, “বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপি-র নির্ণায়ক জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের সম্পর্ককে আরও মজবুত করার এবং উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার আশা রাখি। গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে ভারত তার সমর্থন অব্যাহত রাখবে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠনের পথে বিএনপি। প্রায় দুই দশক পর আবারও ক্ষমতায় ফিরতে চলেছে দলটি। বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, ২৯৯টি আসনে অনুষ্ঠিত ভোটে এ পর্যন্ত ২০৭টি আসনে জয় পেয়েছে বিএনপি ও তাদের জোট প্রার্থীরা।

সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন বলে দলীয় সূত্রে আগেই জানানো হয়েছিল। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬—এই দুই আসন থেকে প্রার্থী হয়ে দু’টিতেই জয় পেয়েছেন।

উল্লেখ্য, জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে। শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোট স্থগিত রাখা হয়েছে। বাংলাদেশের নতুন সরকার গঠনের প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে রাজনৈতিক মহলের ধারণা।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *