দুর্গাপুর : মহিলাদের উত্যক্ত করার প্রতিবাদ করায় এক যুবককে কুড়ুল দিয়ে খুন করে এক যুবক।
এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরের পলাশডিহার দক্ষিণ আদিবাসী পাড়ায়। সোমবার সকালে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
মৃত যুবকের নাম গোপাল দাস (৩৫)। এই ঘটনার অভিযুক্ত হিসেবে বিজয় টুডুকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় অভিযুক্ত বিজয় টুডু মদ্যপ অবস্থায় এলাকায় অশালীন আচরণ ও গালিগালাজ করছিল বলে অভিযোগ। মহিলাদের উত্যক্ত করার প্রতিবাদ করেন এলাকারই যুবক গোপাল দাস। সেই সময় দুজনের মধ্যে বচসা শুরু হয়। একটা সময় সেই বচসা চরমে উঠে।
অভিযোগ, এরপরে বাড়ি থেকে গাছ কাটার কুড়ুল দিয়ে গোপাল দাসের উপর হামলা চালায় বিজয় টুডু। গুরুতর জখম অবস্থায় গোপাল লুঠিয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়।
মৃত যুবকের পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতর বিরুদ্ধে খুনের অভিযোগে একটা মামলা করেছে পুলিশ।
সোমবার সকালে পুলিশ ঘটনার তদন্তে এলাকায় এলে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। তারা পুলিশকে ঘেরাও করে। তাদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও একাধিক অসামাজিক কাজের অভিযোগ ছিল। কিন্তু প্রতিবারই সে ছাড়া পেয়ে যায়। এরফলে গোটা এলাকায় ক্ষোভ জমে ছিল। এই ঘটনার পর গোটা এলাকায় উত্তেজনা তৈরি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোটা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।










