Home / খবর / জেলায় জেলায় / জমির টাকা চাইতেই কানে বন্দুক ঠেকানোর অভিযোগে ধৃত যুবক, চাঞ্চল্য সালানপুরে

জমির টাকা চাইতেই কানে বন্দুক ঠেকানোর অভিযোগে ধৃত যুবক, চাঞ্চল্য সালানপুরে

সালানপুর : জমির জন্য অগ্রিম দেওয়া ১ লক্ষ টাকা চাইতেই এক যুবকের কানে বন্দুক ঠেকাল এক যুবক। রবিবারের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আসানসোলের সালানপুরে।

বন্দুক ঠেকানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে সালানপুর থানার বোলকুন্ডা গ্রামের বাসিন্দা যুবক জয় গড়াইকে। ধৃতর কাছ থেকে একটি দেশী পিস্তল ও তিনটি তাজা কার্তুজ উদ্ধার করেছে সালানপুর থানার পুলিশ। সালানপুরেরই আছড়া গ্রামের বাসিন্দা পল্লব তেওয়ারির লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ধৃতর বিরুদ্ধে এফআইআর করেছে।

জানা গেছে, সালানপুরের আছড়া গ্রামের পল্লব তেওয়ারি বেশ কিছু দিন আগে পাহাড়গোড়ায় ৩৩ শতক জমি কেনার জন্য ফুলবেড়িয়া–বোলকুন্ডা গ্রাম পঞ্চায়েতের বোলকুন্ডা গ্রামের বাসিন্দা জয় গরাইকে এক লক্ষ টাকা অগ্রিম দেন। পরে তিনি জানতে পারেন, যে জমির জন্য তিনি এক লক্ষ টাকা অগ্রিম দিয়েছেন, সেই জমি ইতিমধ্যেই মালিক অন্যত্র বিক্রি করে দিয়েছেন। এরপর স্বাভাবিক ভাবেই পল্লব জমির জন্য দেওয়া টাকা জয়ের কাছ থেকে ফেরত চান।

অভিযোগ, রবিবার দুপুরে জয় গরাই পল্লব তেওয়ারিকে কেন্দুয়াডি মোড়ে ডাকে। এরপর পল্লবকে জয় নিজের বোলেরো গাড়িতে তোলে। গাড়ির ভেতরে টাকা ফেরতের কথা উঠতেই মুহূর্তে রূপ বদলে যায় পরিস্থিতির। অভিযোগ, জয় গরাই আচমকাই আগ্নেয়াস্ত্র বার করে পল্লব তেওয়ারির মাথায় ঠেকিয়ে দেয়। স্বাভাবিক ভাবেই প্রাণে বাঁচতে পল্লব গাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু জয় বাধা দেন। যা নিয়ে গাড়ির ভেতরেই দু’জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় রাস্তা দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষেরা প্রথমে কিছু বুঝতে পারেননি। পরে, তারা গাড়ির মধ্যে কিছু একটা হচ্ছে বুঝতে পেরে এগিয়ে আসেন। স্থানীয়দের তৎপরতায় কোনও মতে পল্লব তেওয়ারিকে উদ্ধার করা হয়। গাড়ি সহ জয়কে এলাকার বাসিন্দারা আটক করেন। খবর যায় সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়িতে। সেখান থেকে পুলিশ এসে আগ্নেয়াস্ত্র সহ জয় গড়াইকে গ্রেফতার করে। একইসাথে বোলেরো গাড়িটিও বাজেয়াপ্ত করে পুলিশ। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পল্লব তেওয়ারি। তার ভিত্তিতে পুলিশ জয়কে গ্রেফতার করে।

ধৃতকে সোমবার সকালে আসানসোল আদালতে পেশ করা হয়। আরও তদন্তের জন্য পুলিশ ধৃতকে পাঁচ দিনের হেফাজত আদালতে আবেদন করেছে।

পুলিশ জানায়, ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করে এই ঘটনার নেপথ্যে কি আছে তা জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি সে এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল, তাও জানার চেষ্টা করা হবে।

তবে, এই ঘটনায় সালানপুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্বাভাবিক ভাবেই এলাকার বাসিন্দারা আতঙ্কিত এই ভেবে যে, বন্দুক নিয়ে যে কেউ ঘুরে বেড়াচ্ছে। নিজের দেওয়া টাকা ফেরত চাইতে গেলে, তাকে গান পয়েন্টে রাখা হচ্ছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *