জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই দিঘায় পর্যটকদের ভিড় বেড়েছে কয়েকগুণ। তবে এর সঙ্গে তাল মিলিয়ে বাড়ছিল ভাড়া নিয়ে জুলুমবাজির অভিযোগও। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেই পর্যটকদের অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছিল। এবার সেই সমস্যার সমাধান করতে এগিয়ে এলো প্রশাসন।
গণেশ চতুর্থীর দিনেই পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যের উদ্যোগে দিঘায় চালু হলো ‘যাত্রী সাথী’ অ্যাপ। রাজ্য সরকারের এই পরিষেবা চালুর ফলে পর্যটকরা তুলনায় অনেক কম ভাড়া এবং ঝামেলা ছাড়াই দিঘা ও সংলগ্ন এলাকায় ঘুরতে পারবেন।
পুলিশ সুপার জানান, শুধু দিঘাতেই নয়, তাজপুর ও মন্দারমনির মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রেও মিলবে এই সুবিধা। আপাতত ট্যাক্সির পাশাপাশি অটোতেও ব্যবহার করা যাবে অ্যাপটি। স্থানীয়রাও এই পরিষেবার সুবিধা পাবেন।
পর্যটকদের নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণে রাখতে পাঁচটি বিশেষ মোটরবাইক টিম নজরদারির দায়িত্বে থাকবে বলে জানিয়েছে পুলিশ। এতে যানজটও অনেকটাই কমবে।
অ্যাপটির সবচেয়ে বড় সুবিধা হল—যাত্রীদের নির্দিষ্ট জায়গায় গিয়ে গাড়ি ধরতে হবে না। দিঘার যেকোনও স্থান থেকেই বুকিং করলে গাড়ি পৌঁছে যাবে পর্যটকের কাছে।
ফলে দিঘায় বেড়াতে এসে ভাড়া নিয়ে ঝামেলায় পড়ার ভয় অনেকটাই কমে গেল পর্যটকদের।










