দুর্গাপুর : এক মহিলার দগ্ধ পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের স্টিল টাউনশিপের এ-জোনের ডি সেক্টর বাজার এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম ছবি দাস (৫৫)। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের হাসপাতালে আয়ার কাজ করতেন ছবিদেবী।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পুড়িয়ে খুন করা হয়েছে ওই মহিলাকে। এই ঘটনায় প্রদীপ চক্রবর্তী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের একটি পরিতক্ত আবাসনে থাকতেন ছবিদেবী। সেই আবাসনেই ছবিদেবীর সঙ্গে থাকতেন প্রদীপ। জানা গেছে, বিভিন্ন জনের কাছে ছবিদেবীর সঙ্গে বিভিন্ন পরিচয় দিতেন প্রদীপ চক্রবর্তী নামে ওই ব্যক্তি।
জানা গেছে, স্থানীয় বাসিন্দাদের কাছে ছবিদেবীকে নিজের স্ত্রী বলে পরিচয়, আবার নিজের ঘনিষ্ঠ মহলে তাঁকে বোন বলে পরিচয় দিতেন। ছবিদেবীর সঙ্গে প্রদীপের মধ্যে আসলে কী সম্পর্ক, তা তদন্ত করে দেখছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রদীপ আগে একটি ঠিকাদার সংস্থায় কাজ করতেন। পরে সেই চাকরি ছেড়ে দেন প্রদীপ। ছবিদেবীর রোজগারেই দু’জনের দিন চলত। অবশ্য, স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, ছবিদেবীকে প্রায়ই মারধর করতেন প্রদীপ।
মঙ্গলবার সকালে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে এসে ছবিদেবীর দেহ উদ্ধার করেন। তাঁর মৃত দেহের উপরে প্রচুর নুন ছড়ানো হয়েছিল যাতে বাইরে গন্ধ না ছড়ায়, এমনটা দাবি স্থানীয়দের।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। খবর পেয়ে ছবিদেবীর সহকর্মীরাও হাসপাতাল থেকে আসেন। তাঁরা প্রদীপকে ঘিরে ধরে ক্ষোভে ফেটে পড়েন। তাঁকে মারধরও করেন স্থানীয়রা। অবশেষে পুলিশ এসে প্রদীপকে আটক করে থানায় নিয়ে যায়। দুর্গাপুর থানার ওসি সঞ্জীব দে জানান, ছবিদেবীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রদীপকে জিজ্ঞাসাবাদ করে আসল ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। তদন্ত শেষ হলেই জানা যাবে কি ঘটেছে।










