হাওড়ার শিবপুরের অভিজাত আবাসন আইডিয়াল গ্র্যান্ডে দুপুরবেলা গুলিচালনার ঘটনায় নতুন মোড়। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে, গুলিটি কোনও বাইরের হামলাকারী নয়, মহিলার স্বামী গোপাল যাদবই ছুড়েছেন। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে শিবপুর থানার পুলিশ। জেরায় গুলিচালনার কথা স্বীকারও করেছেন তিনি। গুরুতর আহত স্ত্রী পুনম যাদবকে মাথায় গুলি লেগে অচেতন অবস্থায় কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে আবাসনের ডি ব্লকের পনেরো তলায়, যেখানে থাকেন ব্যবসায়ী গোপাল যাদব ও পুনম। গোপালের পিস্তল থেকেই গুলি ছোড়া হয়েছে বলে দাবি পুলিশের। একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় পুনমকে কয়েকজন মিলে লিফটে করে নামিয়ে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে ছুটছেন।
পুলিশ সূত্রে খবর, স্বামী–স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। জিজ্ঞাসাবাদে গোপাল জানিয়েছেন, পারিবারিক বিবাদ থেকেই চরম সিদ্ধান্ত নেন তিনি। তবে তাঁর বক্তব্যের বাইরে অন্য কোনও উদ্দেশ্য আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তাঁর ব্যবহৃত পিস্তলটি বৈধ ভাবে রাখা হয়েছিল কিনা, তা-ও যাচাই করছে পুলিশ।
অভিজাত আবাসনে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। আবাসনের সম্পাদক পঙ্কজ শর্মা বলেন, “এখানে আগে কোনও দিন এমন ঘটনা ঘটেনি।” নিরাপত্তারক্ষীও জানান, গত কয়েকদিন গোপাল বাড়িতে ছিলেন না, মঙ্গলবার রাতেই ফিরেছেন। পরদিন সকালেই এমন ঘটনা ঘটবে, তা কেউই ভাবতে পারেননি।










