মাইথন (সালানপুর) : ২৫ ডিসেম্বর বা বড়দিন এবং ইংরেজি নতুন বছর আসতে আর মাত্র কয়েক দিন বাকি আছে। বড়দিন ও নতুন বছর মানে আপামর সব বয়সের মানুষের কাছে খুশি ও আনন্দ বলতে ঘুরতে বেরোনো ও পিকনিক। তাই এই ডিসেম্বর থেকেই শুরু হয়ে যায় পিকনিকের হিড়িক।
আর বাংলা ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া পশ্চিম বর্ধমান জেলার অন্যতম পর্যটন কেন্দ্র বা পিকনিক স্পট হল মাইথন। প্রতি বছর পিকনিকের আনন্দ উপভোগ করতে বহু দূরদূরান্ত থেকে মানুষ আসেন এই মাইথনে। তাই প্রতি বছরের মতো এবারেও মাইথনে যে তার ব্যতিক্রম হবে না, তা আর বলার অপেক্ষা রাখেনা। তাই এবারেও মাইথন ঢোকার মুখে স্বাগতম গেট তৈরি করা হয়েছে।
শুক্রবার এক অনুষ্ঠানে সেই গেটের ফিতে কেটে উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। সঙ্গে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মন্ডল এবং সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহঃ আরমান, ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং ও ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারি সহ আরও অনেকে।
এদিন এই প্রসঙ্গে বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় বলেন, পিকনিকের আনন্দ উপভোগ করতে পর্যটকরা মাইথনে আসেন। তাই প্রতি বছরের মত এই বছরও স্বাগতম গেটের উদ্বোধন করা হয়েছে। এদিন সেই গেটের উদ্বোধন করা হল। তিনি আরও বলেন, এছাড়া পর্যটকদের সুবিধার্থে দলের তরফে পিকনিক স্পটে সহায়তা ক্যাম্প বা শিবির করা হবে।










