Home / খবর / জেলায় জেলায় / প্রান্তিক কৃষকদের জন্য বিনামূল্যে নলকূপ বসানোর উদ্যোগ জল সম্পদ উন্নয়ন দফতরের

প্রান্তিক কৃষকদের জন্য বিনামূল্যে নলকূপ বসানোর উদ্যোগ জল সম্পদ উন্নয়ন দফতরের

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : প্রান্তিক ও অসহায় কৃষকদের সেচের সুবিধা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল রাজ্যের জল সম্পদ উন্নয়ন দপ্তর। চাষের জমিতে পর্যাপ্ত জলের অভাব দূর করতে বিনামূল্যে নলকূপ বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নির্দেশেই এই প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার।

সারা রাজ্যের পাশাপাশি জয়নগর ২ নম্বর ব্লকেও এই প্রকল্প কার্যকর করার প্রস্তুতি শুরু হয়েছে। যেখানে বিস্তীর্ণ চাষের জমি জলের অভাবে অনাবাদি পড়ে রয়েছে, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে সেচের নলকূপ বসানো হবে। এতে কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং চাষের উৎপাদন বাড়বে বলে আশা প্রশাসনের।

মঙ্গলবার জয়নগর ২ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে কৃষকদের মধ্যে প্রচারপত্র বিলি করা হয়। উপস্থিত ছিলেন ব্লকের যুব কল্যাণ দপ্তরের আধিকারিক সম্পা হালদার, সাহাজাদাপুর পঞ্চায়েতের কর্মী কৈলাস নস্কর, পঞ্চায়েত সমিতির খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা এবং ব্লক কৃষি দপ্তরের একাধিক আধিকারিক।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পে আবেদন করতে হলে সরকারি বাস্তুকারের কার্যালয়, কৃষি ও সেচ দপ্তর, আলিপুরে নির্দিষ্ট পদ্ধতিতে দরখাস্ত জমা দিতে হবে। আবেদন যাচাইয়ের পর যোগ্য কৃষকদের জমিতে নলকূপ বসানোর ব্যবস্থা করা হবে।

স্থানীয় কৃষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সেচ সমস্যা অনেকটাই কমবে এবং চাষের খরচও হ্রাস পাবে। ফলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *