,আসানসোল : সব যাত্রীর জন্য নিরাপদ, ন্যায্য এবং আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার লক্ষ্যে পূর্ব আসানসোল ডিভিশনে গত ১০ ও ১১ ডিসেম্বর দুদিনের একটি মেসিভ টিকিট চেকিং বা পরীক্ষা অভিযান চালানো হয়।
এই অভিযানের লক্ষ্য ছিল অবৈধ ভ্রমণ রোধ করা এবং আসল বা বৈধ টিকিটধারী যাত্রীরা যাতে কোনও অসুবিধা ছাড়াই ভ্রমণ করতে পারেন তা নিশ্চিত করা। দুদিনের এই অভিযানে টিকিট চেকিং দলগুলি শিমুলতলা থেকে শঙ্করপুর রুটে বেশ কয়েকটি ট্রেনে টিকিট পরীক্ষা করেন।
দুদিনের অভিযানে মোট ৬০৯টি ঘটনা চিহ্নিত করা হয়েছে। এই অভিযানে সবমিলিয়ে ৪,১৬,২৫৫ টাকা রাজস্ব আদায় হয়েছে। তার মধ্যে ৫৫১টি বৈধ টিকিট না কেটে ভ্রমণের ঘটনা রয়েছে। এই ক্ষেত্রে ৪,০৭,৯০৫ টাকা আদায় করা হয়েছে। এছাড়াও, ৫৮টি আনবুকিং লাগেজের ঘটনা রয়েছে। এতে ৮,৩৫০ টাকা আদায় করা হয়েছে।
রেলের তরফে বলা হয়েছে, এই ধরনের চেকিং সুষ্ঠু টিকিটিং ব্যবস্থা বজায় রাখতে, অবৈধ যাত্রীদের দ্বারা সৃষ্টি হওয়া অসুবিধা কমাতে এবং ট্রেন ও স্টেশনগুলিতে শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ফলে সকল যাত্রী নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ উপভোগ করতে পারেন।










