অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: আইন ভেঙে সরকারি স্কুলের শিক্ষকদের একাংশ গৃহশিক্ষকতা করে চলেছেন বলে অভিযোগ। তাঁদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি টিউটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার।
সোমবার সংগঠনের বার্ষিক সাধারণ সম্মেলন হল জলপাইগুড়ি শহরের রায়কতপাড়ার মনীষী পঞ্চানন বর্মা হলঘরে। এদিন প্রথমে শহরের রাস্তায় মিছিল করেন সংগঠনের সদস্যরা। পরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন আইনজীবি ইউনিস আলি, শিক্ষাবিদ অপরেশ সাহা, সংগঠনের সর্বভারতীয় সভাপতি স্বপন দত্ত-সহ অন্যরা।

সুজয় কুমার বর্মণ, চেয়ারম্যান, টিউটরস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া
সংগঠনের সর্বভারতীয় চেয়ারম্যান সুজয় কুমার বর্মণ বলেন, “গৃহশিক্ষকদের একটি শংসাপত্র সংগঠনের তরফে দেওয়া হচ্ছে। গৃহশিক্ষকেরা কর্ম অনিশ্চয়তায় ভুগছেন। রাজ্য ও কেন্দ্রের কাছে আবেদন করছি একটি পর্ষদ গঠনের জন্য। এই পর্ষদে গৃহশিক্ষকেরা তাদের নাম নথিভুক্ত করবেন। মূল স্কুল শিক্ষার পাশাপাশি গৃহশিক্ষকতা সমান্তরাল ক্ষেত্র হিসেবে গড়ে উঠলে সবাই উপকৃত হবে।”










