Home / খবর / জেলায় জেলায় / নিয়ামতপুরে অম্বেডকর মূর্তি ঘিরে তৃণমূল–বিজেপি তরজা চরমে

নিয়ামতপুরে অম্বেডকর মূর্তি ঘিরে তৃণমূল–বিজেপি তরজা চরমে

কুলটি: ড. বিআর অম্বেডকরের মূর্তি স্থাপনকে কেন্দ্র করে আসানসোলের কুলটির নিয়ামতপুরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা তীব্র আকার নিয়েছে।

কুলটির বিজেপি বিধায়ক ড. অজয় পোদ্দারের উদ্যোগে এবং ইস্কোর সহযোগিতায় নিয়ামতপুরের ইস্কো রোড সংলগ্ন এলাকায় ড. বিআর অম্বেডকরের আবক্ষ মূর্তি বসানোর পরিকল্পনা নেওয়া হয়। ইতিমধ্যেই বিজেপি বিধায়ক অজয় পোদ্দার স্থান পরিদর্শনও করেন।

অন্যদিকে, সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূলের তরফে একই স্থানে আম্বেদকরের মূর্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এদিন আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ সদস্য ইন্দ্রাণী মিশ্র নারকেল ফাটিয়ে ও ছবি স্থাপন করে শিলান্যাস করেন।

তিনি জানান, এই মূর্তি বসানোর পরিকল্পনা দীর্ঘদিনের এবং বিজেপি তা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করেছিল। আগামী ১৪ এপ্রিল ওই স্থানে ড. বিআর অম্বেডকরের মূর্তি স্থাপন করা হবে বলেও জানান তিনি।

এদিকে কুলটির বিজেপি বিধায়ক ড. অজয় পোদ্দার কটাক্ষ করে বলেন, ইস্কোর উদ্যোগেই এই মূর্তি বসানো হচ্ছে এবং আগামী ২০ ফেব্রুয়ারি নির্ধারিত স্থানে মূর্তি স্থাপন করা হবে। যদি কোনও অশান্তি বা গন্ডগোল হয়, তার জন্য প্রশাসন দায়ী থাকবে বলেও তিনি মন্তব্য করেন। এখনও বিধানসভা নির্বাচনের ঘোষণা না হলেও, তার আগেই কুলটিতে আম্বেদকরের মূর্তি বসানোকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *