জলপাইগুড়ি: কুকুরের মুখে সদ্যোজাতের মাথা। শনিবার বিকেলে এমনই মর্মন্তুদ ঘটনার সাক্ষী রইলেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে আসা রোগীর আত্মীয়রা। ঘটনায় জোর চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। পুলিশ ও মেডিকেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এদিন বিকেলে হঠাৎই এক পথকুকুরকে প্যাকেট বন্দি কিছু একটা মুখে করে নিয়ে যেতে দেখেন মাতৃমার সামনে থাকা রোগীর পরিজনেরা। কুকুরটি সামনে এলে তারা বুঝতে পারেন সেটির মুখে রয়েছে সদ্যোজাতের মাথা। মুহুর্তে শোরগোল পড়ে যায় ওই চত্বরে। রোগীর পরিজনেরা কুকুরটিকে ধাওয়া করলে মাথাটি ফেলে পালায়।
এই সময় হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা মাথাটি সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। রোগীর পরিজনেরা বাধা দেন। পরে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দেন মোমিনা খাতুন, মৃণাল রায়-সহ প্রত্যক্ষদর্শীরা। প্রশ্ন তোলেন হাসপাতালের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়েও।
যদিও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, সদ্যোজাতের মাথাটি বাইরের কোনও জায়গা থেকে কুকুরটি নিয়ে এসেছে। হাসপাতাল থেকে এভাবে কুকুরে মাথা নিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। পুলিশের পাশাপাশি মেডিকেল কলেজ কর্তৃপক্ষও তদন্ত শুরু করেছে।










