Home / খবর / জেলায় জেলায় / দুর্গাপুর হাটে শুরু হচ্ছে ১০ দিনের তৃতীয় সৃষ্টিশ্রী মেলা

দুর্গাপুর হাটে শুরু হচ্ছে ১০ দিনের তৃতীয় সৃষ্টিশ্রী মেলা

দুর্গাপুর হাটে অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা। আগামী ৩০ ডিসেম্বর, মঙ্গলবার থেকে টানা ১০ দিন ধরে চলবে এই মেলা। সোমবার বিকেলে দুর্গাপুর হাটে এক সাংবাদিক বৈঠকে মেলার বিস্তারিত কর্মসূচির কথা জানান রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার।

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের মহকুমাশাসক সুমন বিশ্বাস, দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়-সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক।

মন্ত্রী জানান, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলায় রাজ্যের ১৩টি জেলার মোট ১৩৪টি স্বনির্ভর গোষ্ঠী অংশ নেবে। মেলায় থাকবে বিভিন্ন ধরনের হস্তশিল্পের স্টল এবং নানান স্বাদের খাবারের আয়োজন। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় দর্শকদের জন্য থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

ইতিমধ্যেই মেলাকে কেন্দ্র করে দুর্গাপুর হাট চত্বর সাজিয়ে তোলা হয়েছে। আয়োজকদের আশা, এই মেলা স্বনির্ভর গোষ্ঠীগুলির পণ্যের বিপণনে যেমন সহায়ক হবে, তেমনই দর্শকদের কাছেও হয়ে উঠবে বিশেষ আকর্ষণ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *