উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: রাজ্য সরকারের উদ্যোগে এবার ঘরে ঘরে পৌঁছোবে জয়নগরের আসল মোয়া। শীত পড়লেই পাড়ায় পাড়ায় অস্থায়ী দোকানে “জয়নগরের মোয়া” পাওয়া যায় ঠিকই, কিন্তু সেগুলির স্বাদ ও গুণমান নিয়ে বহু ক্রেতারই দীর্ঘদিনের আক্ষেপ। সেই আক্ষেপ মেটাতেই রাজ্য পঞ্চায়েত দফতরের কম্প্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন (সিএডিসি) শুরু করেছে দুয়ারে মোয়া পরিষেবা।
এখন থেকে ক্রেতারা মোবাইলে ৯৭৩৪৩৯৯৯১৫ নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপে অর্ডার দিতে পারবেন। প্রথম দিকে কলকাতা ও আশপাশের এলাকায় ডেলিভারি দেওয়া হবে। পরে ধাপে ধাপে পরিষেবা পৌঁছে যাবে রাজ্যের অন্যান্য জেলাতেও। পুরো প্রকল্পে যুক্ত রয়েছে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীগুলি।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জয়নগরের শিউলি পরিবারের সঙ্গে যুক্ত মহিলারাই এই মোয়া প্রস্তুত করবেন। ফলে ব্যবহার হবে খাঁটি নলেন গুড় এবং উৎকৃষ্ট মানের কনকচূড় ধানের খই। প্রস্তুত মোয়া কলকাতার বাড়ি বাড়ি পৌঁছে দেবে সিএডিসি।
বিধাননগরের মৃত্তিকা সিএডিসি কেন্দ্রে ইতিমধ্যেই আসল জয়নগরের মোয়া রাখা শুরু হয়েছে। প্রথম দিনে পরীক্ষামূলকভাবে ৪০ প্যাকেট আনা হয়েছিল, যা মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে যায়। এই সাফল্য দেখেই হোম ডেলিভারি চালুর সিদ্ধান্ত নেয় দফতর।
জানা গিয়েছে, প্রতিটি প্যাকেটে থাকবে ১০টি করে মোয়া। ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করলেই মিলবে ডেলিভারি। ভবিষ্যতে অনলাইনেও অর্ডারের ব্যবস্থা আসছে।
বর্তমানে সিএডিসি’র রাজ্যজুড়ে ২২টি কেন্দ্র আছে, যেখান থেকে চাল, ডাল, ডিম, ফল থেকে শুরু করে রান্না করা খাবার পর্যন্ত সরবরাহ করা হয়। এবার সেই তালিকায় যুক্ত হল জয়নগরের আসল মোয়া। সরকারের এই উদ্যোগে উপকৃত হবেন স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, আর রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে আসল জয়নগরের মোয়ার স্বাদ।










