কুলটি ও আসানসোল : মা-কে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে।
বুধবার সকালে এই ঘটনার জানা জানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আসানসোলের কুলটি থানার এলসি মোড় সংলগ্ন এলাকার এই ঘটনা। মৃতার নাম সুশিলা সিনহা (৪৫)।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার গভীর রাতে সুশীলা সিনহাকে মাথায় আঘাত করে তাঁর ছেলে বিশাল সিনহা। তাতে মায়ের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলেই কুলটি থানার পুলিশ পৌঁছায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। তবে কী কারণে এই খুন তা জানা যায়নি। অভিযুক্ত ছেলে বিশাল সিনহাকে আটক করেছে পুলিশ।
মৃতা এলাকায় একটি গ্রোসারি দোকান চালাতেন। বিশাল সুশীলাদেবীর ছোট ছেলে। তার দুই ছেলে আছে বলে এলাকার বাসিন্দারা জানিয়েছেন। বড় ছেলে মুম্বাইয়ে থাকেন কাজের সূত্রে।
পুলিশ জানায়, ঠিক কী ঘটনা ঘটেছে তা ছেলেকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে। মৃতার মাথায় আঘাত রয়েছে। সেই আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।










