উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, মহেশতলা : প্রথম দফার সেবাশ্রম প্রকল্পে সাফল্যের পরে আবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দ্বিতীয় দফায় ‘সেবাশ্রয়’ শুরু হল সোমবার থেকে।
এ বছরের শুরুতে ২ জানুয়ারি থেকে নিজের সাংসদ এলাকায় এই কর্মযজ্ঞের প্রথম সূচনা শুরু করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।প্রথম ‘সেবাশ্রয়’-এর সাফল্যের পরেই অভিষেক জানিয়েছিলেন, ফের এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে ডায়মন্ড হারবারে। বছরের শেষেই ফের সাতটি বিধানসভা কেন্দ্রে ‘সেবাশ্রয়’-এর আয়োজন করা হলো তাই।
সোমবার এই সেবাশ্রয়ের উদ্বোধন করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।দ্বিতীয় দফায় ‘সেবাশ্রয়’ চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। এর পরে ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত সকল বিধানসভা এলাকায় মেগা ক্যাম্পের আয়োজন করা হবে।
মহেশতলা বিধানসভা এলাকা থেকে ‘সেবাশ্রয় ২’ শুরু হলো সোমবার। ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত মহেশতলা বিধানসভা, ৮ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত মেটিয়াবুরুজ বিধানসভা, ১৫ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বজবজ বিধানসভা, ২২ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বিষ্ণুপুর বিধানসভা, ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সাতগাছিয়া বিধানসভা, ৯ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ফলতা এবং ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র এই শিবিরের আয়োজন করা হয়েছে।প্রতিটি শিবিরই চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
আয়োজকরা জানিয়েছেন, কোনও রোগীর পূর্ববর্তী কোনও ডাক্তারের প্রেসক্রিপশন বা কোনও রিপোর্ট থাকলে সেটিকে কাছে রাখতে হবে। এই শিবিরগুলিতে রক্তচাপ, ডায়াবিটিস, ডেঙ্গি, ম্যালেরিয়া, স্ট্রোক বা কিডনির সমস্যার জন্য কী কী করা উচিত সেই সংক্রান্ত উপদেশ দেবেন চিকিৎসকেরা। পাশাপাশি BMI, রক্তচাপ, সুগার. হিমোগ্লোবিন, ম্যালেরিয়া, ইসিজি, ট্রিপল সেরোলজি, HIV, হেপাটাইটিস পরীক্ষা, নেবুলাইজ়ার, অক্সিজেন কনসেনট্রেটর, পালস অক্সিমিটার থেকে শুরু করে আরও নানা সুবিধা থাকছে এই শিবিরে।










