Home / খবর / জেলায় জেলায় / আজ প্রকাশিত হচ্ছে খসড়া ভোটার তালিকা, নাম আছে কি না দেখবেন কী ভাবে

আজ প্রকাশিত হচ্ছে খসড়া ভোটার তালিকা, নাম আছে কি না দেখবেন কী ভাবে

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর খসড়া প্রকাশিত হতে চলেছে আগামী ১৬ ডিসেম্বর, মঙ্গলবার। খসড়া তালিকা প্রকাশের পর নিজের নাম রয়েছে কি না, তা যাচাই করার জন্য ভোটারদের পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে নাম দেখার পদ্ধতিও জানানো হয়েছে কমিশনের তরফে।

নির্বাচন কমিশন জানিয়েছে, খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে কি না, তা দু’ভাবে জানা যাবে—অনলাইন ও অফলাইনে। অনলাইনে যাচাই করতে হলে নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in, সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in অথবা ইসিআই নেট মোবাইল অ্যাপে লগ ইন করতে হবে। সেখানে নিজের নাম ও এপিক নম্বর দিলে খসড়া তালিকায় নাম রয়েছে কি না জানা যাবে। এ ছাড়াও সংশ্লিষ্ট জেলার জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইও-র ওয়েবসাইট থেকেও তালিকা দেখা যাবে।

অফলাইনে নাম যাচাইয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। রাজ্যের সব বুথ স্তরের আধিকারিক বা বিএলও-দের কাছে খসড়া ভোটার তালিকার হার্ড কপি থাকবে। ভোটারেরা নিজেদের এলাকার বিএলও-র কাছে গিয়ে তালিকায় নাম রয়েছে কি না তা যাচাই করতে পারবেন। কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটারদের সুবিধার জন্য খসড়া তালিকা প্রকাশের দিন বিএলও-দের যতটা সম্ভব বুথে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হবে।

এ ছাড়াও রাজ্যের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে খসড়া তালিকার সফ্‌টকপি তুলে দেবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। জেলা স্তর থেকে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের কাছেও খসড়া ভোটার তালিকার হার্ড কপি পৌঁছে দেওয়া হবে। তাঁদের মাধ্যমেও ভোটারেরা জানতে পারবেন তালিকায় নাম উঠেছে কি না।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, খসড়া তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের নিয়ে পৃথক তালিকাও প্রকাশ করা হবে। সেই তালিকা দেখে প্রয়োজনীয় দাবি ও আপত্তি জানাতে পারবেন ভোটারেরা।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *