জামুড়িয়া : আসানসোল পুরনিগমের জামুরিয়ার ১ নম্বর বোরো এলাকার ৩২ নম্বর ওয়ার্ডের বোগড়াচটি মোড় এলাকায় রাতের অন্ধকারে ভয়াবহ আগুনে পুড়ল ১১ টি দোকান ও দুটি ঠেলাগাড়ি।
শনিবার রাত প্রায় সাড়ে এগারোটা বারোটা নাগাদ ভয়াবহ এই আগুন লাগার ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
তবে কিভাবে এই আগুন লাগে সবজি বাজারের এই দোকানগুলিতে তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে।
জামুড়িয়ায় বোগড়াচটি মোড় এলাকায় ১৯ নং জাতীয় সড়কের ধারের এই বাজারে দীর্ঘদিন ধরেই সবজি ও মাছ, মাংস সহ বিভিন্ন পসরা নিয়ে ছোট গুমটি দোকান করে ব্যবসা করতেন অসংখ্য ব্যবসায়ী। অনেক রাতে এই ভয়াবহ আগুন লাগার ঘটনার কথা জানতে পেরে এলাকায় আসেন সেইসব ব্যবসায়ীরা। তারা হতবাক হয়ে পড়েন। স্বাভাবিক ভাবেই কি করে তারা সংসার চালাবেন ও আবার তারা তাদের দোকান তৈরি করে ব্যবসায় করবেন তাই নিয়ে তারায় চিন্তায় পড়েন।
রবিবার সকালে আগুন লাগার ঘটনার কথা জানতে পেরে এলাকায় আসেন আসানসোলের বিজেপি নেতা কৃষ্ণাপ্রসাদ। ঘটনাস্থলে দাঁড়িয়ে তিনি আগুন সর্বস্বান্ত হয়ে যাওয়া ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
বিজেপি নেতা তার বক্তব্যে দাবী করেছেন, এই আগুন লাগার ঘটনা একটা পরিকল্পিত। এখানে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যাতে এখানে ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে না পারেন। তাদের ভাতে মারার একটা পরিকল্পনা করা হয়েছে যা তারা কখনোই মেনে নেবেন না।
তাঁর দাবি, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও এলাকার বিধায়ক, এমনকি এলাকার ওয়ার্ড কাউন্সিলরকে দেখা যায় নি। তারা শুধু লুটে খাবার রাজনীতি করে বলেই দাবি বিজেপি নেতার। তিনি এও বলেন, এই এলাকা আসানসোল পুরনিগমের। সেখানে একটা ছোট বাজার তৈরি করে দেওয়া যেত। কিন্তু তার কোনও উদ্যোগ পুরনিগম নেয়নি যা খুবই দুর্ভাগ্যজনক।
তিনি বলেন, আমি এই সকল ব্যবসায়ীদের পাশে রয়েছি। আসানসোল সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলে এইসব ব্যবসায়ীদের পাশে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
কৃষ্ণা প্রসাদ চলে যাওয়ার পরেই এলাকার আসেন ওয়ার্ড কাউন্সিলার ভোলা হেলা ও তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতা তারকেশ্বর সিং।
তারা বলেন,এই এলাকায় যে দোকান রয়েছে সেটি ব্যক্তিগত মালিকানাধিন জমি। আর সংলগ্ন এলাকায় একটি মার্কেট করা হয়েছে সেখানে রয়েছে বেশ কিছু দোকানদার। তবে এখানকার ব্যবসায়ীদের সঙ্গেও তারা রয়েছেন এবং তাদের যথাযথ সাহায্য করার জন্য তারা উদোগ নেবেন।
তবে এলাকার ওয়ার্ড কাউন্সিলর যে আসেননি বলে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয় বলে দাবি করছেন তাঁরা। তাঁদের দাবি, এলাকার বিধায়ককে এ বিষয়ে জানানো হয়েছে। তিনি শীঘ্রই ঘটনাস্থলে উপস্থিত হবেন। তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন এলাকার দোকানদারদের জন্য।
পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, শটসার্কিট থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে।










